চট্টগ্রামের উপকূলীয় এলাকা প্লাবিত, তলিয়েছে ফসলি জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের কয়েকটি উপজেলায় বেড়িবাঁধ উপচে লোকালয় প্লাবিত হয়েছে। ফসলি জমি ও লবণমাঠ তলিয়ে গেছে।

সিত্রাং অতিক্রম করার পর লোকজন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে। তবে সার্বিকভাবে চট্টগ্রামে সিত্রাংয়ের প্রভাব আশঙ্কার চেয়ে কম ছিল।

চট্টগ্রামের বাঁশখালী, সন্দীপ ও আনোয়ারা উপজেলার উপকূলীয় এলাকায় গতকাল সোমবার রাতে ঝড় অতিক্রম করার সময় বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকে। এ সময় প্রচণ্ড বাতাস ছিল। বাঁধ বিভিন্ন স্থানে ভেঙে যায়। উপজেলাগুলোতে এখন ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদুজ্জামান চৌধুরী বলেন, প্রাথমিকভাবে খানখানাবাদ, সাধনপুর, গন্ডামারা, বাহারছড়াসহ বিভিন্ন ইউনিয়নে কৃষিজমি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি নিরূপণের কাজ চলছে। লোকজন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে গেছে। কিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্দ্বীপ ও আনোয়ারা ইউনিয়নেও ক্ষতি নিরূপণের কাজ চলছে।

ঝড়ের প্রভাবে নগরের পতেঙ্গা আকমল আলী সড়ক, জেলে পাড়ায় ঘরবাড়ি ভেঙে গেছে। রাতে লোকজন আশ্রয়কেন্দ্রে চলে যায়। সিটি করপোরেশন ও জেলা প্রশাসন থেকে  ক্ষতি নিরূপণের কাজ চলছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, রাতে পতেঙ্গা উপকূলের আড়াই হাজার জেলেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সেখানে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় কেটে যাওয়ার পর চট্টগ্রাম সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী বলেন, আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।