রাজধানীতে ৩ ঘণ্টায় ২৫ মিলিমিটার বৃষ্টি, বাকি দিন কেমন যাবে
রাজধানীতে আজ বুধবার সকালের বৃষ্টি দেখে মনে হচ্ছে যেন বর্ষাকাল শুরু হয়েছে। বাস্তবে দেশে বৃষ্টি ঝরানো মৌসুমি বায়ু প্রবেশের আরও দেরি আছে। আজ শুধু রাজধানীতে নয়, বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই তিন ঘণ্টায় ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশের নানা প্রান্তে আজ দিনভর বৃষ্টি হতে পারে। তবে তা হবে বিচ্ছিন্নভাবে। এই বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে আগামী শনিবার পর্যন্ত।
আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। এর মধ্যেই পশুর হাট জমে উঠেছে। আবার ঈদে লাখো মানুষ এখন ঘরমুখী। এর মধ্যে এই বৃষ্টি পশুর হাটে এবং মানুষের যাত্রাপথে বিপত্তি সৃষ্টি করেছে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানিয়েছে, আগামী অন্তত ৬ ঘণ্টায় খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ ছাড়া টাঙ্গাইল, নেত্রকোনা ও ময়মনসিংহের কিছু এলাকায় অন্তত ২ থেকে ৩ ঘণ্টা বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণ গভীর সঞ্চারণশীল মেঘমালার বিস্তার। এটা স্থানিক মেঘ। একটি নির্দিষ্ট স্থানে কিছু সময়ের জন্য বৃষ্টি ঘটায় এ মেঘ। মেঘের স্তর এত নিচুতে থাকে যে এ থেকে কোথায় বৃষ্টি হবে অনেক সময় তা নির্দিষ্ট করে বলাও দুরূহ হয়ে পড়ে।
এখন বৃষ্টির যে ধারা শুরু হয়েছে তা অন্তত তিন দিন চলতে পারে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক। তিনি বলেন, এ বৃষ্টি হতে পারে থেমে থেমে এবং বিচ্ছিন্নভাবে। একটানা এক জায়গায় থাকার সম্ভাবনা কম।
রাজধানীতে সকাল সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদন লেখার সময় আকাশ মেঘলা ছিল। ছিপ ছিপ করে বৃষ্টিও হচ্ছিল। তবে রাজধানীতে আগামী কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানান আবহাওয়া এ কে এম নাজমুল হক।
আগামীকাল কেমন থাকতে পারে আবহাওয়া
বৃষ্টির যে ধারা শুরু হয়েছে, তা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আগামীকাল পবিত্র ঈদুল আজহার দিন রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগের বেশির ভাগ স্থানে বৃষ্টি হতে পারে জানান এ কে এম নাজমুল হক। তিনি বলেন, রাজধানীতে আগামীকাল সকালের দিকে বৃষ্টি হতে পারে। তবে রাজধানীতে কতটুকু বৃষ্টি হবে তা এ মুহূর্তে নিশ্চিত করে না বলা গেলেও ওই তিন বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্ব প্রান্তে বৃষ্টি হতে পারে।