গ্রাহকদের কাছে দ্রুত সেবা পৌঁছাতে কর্মীদের জন্য রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’

মাঠকর্মীদের কাজ সহজ করতে গত বছর থেকে এই ই-বাইক সেবা চালু করেছে রবিছবি: রবির সৌজন্যে

দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকদের কাছে আরও দ্রুত সেবা পৌঁছে দিতে নিজেদের কর্মীদের জন্য পরিবেশবান্ধব যাতায়াতের উদ্যোগ নিয়েছে রবি। ‘রবি সুপার বাইক’ নামের এই সুবিধা দেশের ৬৪ জেলার ৪৫৮টি উপজেলা ও থানায় চালু করেছে মোবাইল অপারেটরটি।

প্রতিষ্ঠানটির দাবি, এর ফলে সারা দেশের বিভিন্ন থানা ও ইউনিয়নে পর্যায়ে রবির কার্যক্রম আরও দ্রুত, দক্ষ এবং পরিবেশবান্ধবভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি বলেছে, দেশব্যাপী এই উদ্যোগের লক্ষ্য হলো টেকসই যাতায়াত ব্যবস্থাকে উৎসাহিত করা। ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা বাড়ানো এবং শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক নিশ্চিত করা। ই-বাইকের মাধ্যমে রবির মাঠ পর্যায়ের কর্মকর্তারা গ্রাহকসেবা প্রদান, ডিজিটাল সেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোসহ বিভিন্ন কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারছেন।

বৈদ্যুতিক বাইক থেকে প্রচলিত জীবাশ্ম জ্বালানিচালিত মোটরসাইকেলের মতো কার্বন নিঃসরণ হয় না। ফলে পরিবেশদূষণ কমাতে এটি ভূমিকা রাখছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাঠকর্মীদের কাজ সহজ করতে গত বছর থেকে এই ই-বাইক সেবা চালু হয়। এতে রয়েছে কনভার্টেবল কার্গো বক্স, রবি ব্র্যান্ডের ছাতা, মোবাইল ও ল্যাম্প চার্জের জন্য ইউএসবি পোর্ট এবং জনসচেতনতামূলক প্রচারের জন্য অডিও হ্যান্ড মাইক্রোফোন। এ ছাড়া বাইকের নিরাপত্তা ও ব্যবস্থাপনার জন্য রয়েছে ফেস রিকগনিশনভিত্তিক আনলক ব্যবস্থা, জিও-ফেন্সিং এবং রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিংসহ উন্নত প্রযুক্তি।

এ প্রসঙ্গে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘রবি সুপার বাইক আমাদের টেকসই পরিবহনব্যবস্থা গড়ে তোলা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে আমরা পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের আরও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দিতে পারছি।’