এত বৃষ্টি, তবু বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা

বায়ুদূষণফাইল ছবি

রাজধানীতে গতকাল মঙ্গলবার রাতে বৃষ্টি হয়েছে অনেকটা। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে এ বৃষ্টির পরিমাণ ছিল ৭ মিলিমিটার। বৃষ্টির পর রাজধানীর বায়ুমান সাধারণত ভালো হয়। তবে আজ বুধবার সকালে বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা। আজ সকাল ৯টার দিকে ঢাকার বায়ুর মান ছিল ১৫২। বায়ুর এ মানকে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

রাজধানীসহ দেশের বায়ুদূষণ কমাতে একের পর প্রকল্প এবং নানা কথা বলা হলেও দূষণ কমছে না। দূষণ কমানোর ‘প্রাকৃতিক উপায়’ হলো এই বৃষ্টি। সাধারণত এপ্রিল বা মে মাসে ঝড়বৃষ্টি বাড়ে, তাতে দূষণ কমে। কিন্তু এখন তা–ও কমছে না।

আজ বিশ্বের ১২১ নগরীর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে থাইল্যান্ডের চিয়াংমাই। এ নগরীর বায়ুর মান ১৮৪।

আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো

আজ বায়ুদূষণে শীর্ষে আছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি। এ এলাকার বায়ুমান ১৭১। এরপর যথাক্রমে আছে বারিধারা পার্ক রোর্ড (১৫৯), গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৫২), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৫২)।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।