আমাদের মধুপায়ী পাখিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌমাছির কবলে পড়েছে মধুবাজটি। কুষ্টিয়ার কালিগঞ্জ এলাকায়
ছবি: এস আই সোহেল

আমগাছের ডালে প্রকাণ্ড একখানা মৌচাক। তলা দিয়ে সুঁড়িপথ চলে গেছে বিলের দিকে। ওই পথ ধরে চলাচল করে মানুষ। ১৫ ফুটের মতো উচ্চতার মৌচাকটির তল দিয়ে যাতায়াত করতে কেউ ভয় পায় না। আশপাশের দুষ্টু ছেলেমেয়েরা সতর্ক। মৌচাকে ঢিল বা আঘাত লাগলে মৌমাছিরা ঝাঁকবদ্ধ আক্রমণে কী করতে পারে, তা জানে সবাই।

চৈত্র মাসের গা-পোড়া অসহ্য গরমে ওই চাকের তলা দিয়ে এগিয়ে গিয়ে একটু খোলা মাঠের পাশে বসে বাতাসে শরীর জুড়াতে চাইলেন আবদুস সামাদ নামের এক কৃষক। খালি গতর তাঁর।

একটি মধুবাজ (মৌবাজ, মধুখেকো চিল, ওরিয়েন্টাল হানি-বাজার্ড) সাবধানে ওত পেতে ছিল অন্য কোনো গাছে। অকস্মাৎ ঝড়ের বেগে ধেয়ে এসে মৌচাকটির পাশ কেটে বেরিয়ে যাওয়ার সময় বাঁ পা-খানা বাড়িয়েই মৌচাকের কোনায় আঘাত করল। এরপর ঝাঁপিয়ে কিছুটা নেমে এসে দ্রুত বেগে উড়ে বেরিয়ে যেতে চাইল হাওয়া খেতে বসা সামাদের মাথার ওপর দিয়ে। চাকের শত শত মৌমাছি তখন ভীষণ গুঞ্জন তুলে আক্রমণ করেছে বাজটিকে।

রঙ্গন ফুলে মৌটুসি
ছবি: এস আই সোহেল

কাণ্ড দেখে ভয়ে সামাদ উঠে দাঁড়াতেই কিছু মৌমাছি ঝাঁপিয়ে পড়ল সামাদের ওপর। চিৎকার দিয়ে সামাদ ঝেড়ে দৌড় দিলেন বাড়ির দিকে। গেলেন সেই ভাঙা মৌচাকের তলা দিয়েই। তারপর দৌড়ে শ খানেক ফুট দূরে গিয়ে মুখ থুবড়ে পড়লেন। একেবারে বেহুঁশ। চিকিৎসা চলল। শরীর ফুলে তিন গুণ। নাক ফুলে মুলো। দুই চোখ ফুলে পাকা টমেটো। সাত দিন পর মারা গেলেন তিনি।

ঘটনাটি ১৯৭৯ সালের। আমারই গ্রামের (ফকিরহাটের সাতসৈয়া) পূর্ব পাড়ার। সেদিন পূর্ব পাড়াজুড়ে মৌমাছিরা মহা আতঙ্ক সৃষ্টি করেছিল। প্রায় ৮০০ মিটার পর্যন্ত ধাওয়া করেছিল বাজটিকে। বাজটি ওপর-নিচ আর ডান-বাম করে এবং ঘন ঘন ডানা-মাথায় ঝাঁকুনি তুলে মৌমাছিদের শরীর থেকে ঝেড়ে ফেলেছিল। মৌমাছিরা সেদিন কুকুর ও কয়েকটি ছাগলকেও কামড়েছিল। পরদিন মারা পড়েছিল দুটি ছাগল।

কেন বাজটি তিরবেগে চাকের পাশ কেটে বেরিয়ে যাওয়ার সময় পা দিয়ে ধাক্কা দিয়েছিল মৌচাকে? কেন সে পালাল বহুদূরে? হ্যাঁ, মধু এদের অতি প্রিয় পানীয়। একই সঙ্গে প্রিয় মৌমাছির রসাল ফাঁপা ফাঁপা ডিম আর মৌমাছির কচি কচি ছানা।

মধুবাজের মৌচাক ভাঙার কৌশল প্রৌঢ় বয়স পর্যন্ত বেশ কয়েকবার দেখেছি, চোরের মতো চুপিসারে মৌচাক থেকে অল্প দূরের গাছে বসে। সুযোগ পেলেই চাকের অংশ ভেঙে মাটিতে ফেলে। মৌমাছিরা শান্ত হলে পরে চোরের মতোই মাটিতে নামে। প্রায় সময়েই মাটিতে বসে মধু-ডিম-বাচ্চা গেলে। ক্বচিৎ দু-পায়ের নখরে ভাঙা চাকটুকু নিয়ে নিরাপদ জায়গায় যায়। দ্বিতীয় ক্ষেত্রে লোকসান হয়, মধু টপটপ করে ঝরে যায় মাটিতে।

বাংলাদেশের আর কোনো মধু বা মধুরেণু পান করা পাখি মধুবাজের মতো বড় তো নয়ই; সাহসী, কুশলী ও বুদ্ধিমানও নয়। এতটা ঝুঁকিও কাউকে নিতে হয় না। তবে কান্দি মৌচাক বা খোঁড়ল-কোটরের ছোট মৌমাছির চাক কোনো কারণে পরিত্যক্ত হলে কিছু কিছু পাখি সরাসরি মধু পান করে এবং রসাল ডিম আর মৌমাছির ছানা খায়। এ দলে আছে কয়েক প্রজাতির কাঠঠোকরা, ছোট ফিঙে বা বাগানে ফিঙে, টিয়া, হলদে বউ, বুলবুলি, সিপাহি বুলবুলি, চশমা পাখি, কাঠশালিক, বামন শালিক, কেশরাজ, সিংহরাজ, মৌটুসি, নীলটুনি ও নিশাচর কোটরে প্যাঁচা-বাদামি প্যাঁচা ইত্যাদি পাখি।

প্যাঁচা বাদে অন্য পাখিরা নানা রকম ফুল থেকে মধুরেণু পান করে বা জিব দিয়ে চেটে নেয়। কাঠঠোকরারা কলাফুলের নলাকার দণ্ডের ভেতরে নিচ থেকে ঠোঁট ঢুকিয়ে মধুরেণু পান করে চমৎকার দৃশ্য সৃষ্টি করে। লম্বা সুচালো ঠোঁটের মৌটুসি-নীলটুনি ও মোচাটুনিরাও একই কায়দায় মধু পান করে কলাফুল থেকে।

অন্যান্য ফুলে বসে বা ঝুলে এসব পাখির মধু পান করার দৃশ্য অপূর্ব। যখন তারা জবা বা এ ধরনের কোনো ফুলের ভেতরে সুচালো, লম্বা আর বাঁকা বক্র ঠোঁট ঢুকিয়ে দিয়ে মধুরেণু পান করতে করতে শূন্যে স্থির হয়ে উড়তে থাকে, সে দৃশ্য একবার দেখলে ভোলা যায় না। অধিকাংশ মধুপায়ীই তাল আর খেজুরের রস ভালোবাসে। ফুলঝুরি, নীলটুনি, মৌটুসি আর মোচাটুনিদের কাছে নারকেল ফুলের মধুরেণু খুবই প্রিয়।

আমাদের দেশের টিয়া, শালিক, কাঠঠোকরা, ছাতারে, বুলবুল, বসন্তবাউরি ইত্যাদি প্রজাতির বেশির ভাগই মধুরেণু পান করে। পরিত্যক্ত খোঁড়লের মৌচাকে হানা দেয় এসব প্রজাতির অল্প কিছু পাখি। মধুসহ মৌমাছির ডিম আর ছানা খায়।

  • শরীফ খান, পাখি ও বন্য প্রাণিবিষয়ক লেখক