একটি সরালি হাঁসের কথা
প্রায় ৯ বর্গকিলোমিটার বিস্তৃত বিলটার নাম দইসরা বিল। বিলটির অধিকাংশ জায়গাজুড়ে আছে অনেকগুলো মাছের ঘের। একটি ঘেরের মালিক প্রয়াত প্রখ্যাত কবি ও সম্পাদক সিকান্দার আবু জাফরের বংশধর জুনায়েদ আকবর।
তাঁর ঘেরটি ছাড়া অন্য কারও ঘেরে কোনো রকম পাখি নামতে-বসতে পারে না। কারণ, পাখিরা মাছ খেয়ে সাবাড় করে, তাই মালিকেরা তাদের তাড়িয়ে দেন।
জুনায়েদ আকবর পাখিপ্রেমী। জীববৈচিত্র্য বিষয়ে ভালো জ্ঞান রাখেন তিনি। দইসরা বিলটির বুক চিরে বয়ে গেছে একটি খাল। কিংবদন্তি এ রকম যে খালটি বড় নদী ছিল, নদীর পাড়ে পালতোলা জাহাজের ঘাটও ছিল।
ওই বিলেরই একটি ঘেরের মাছ ধরা পাতা জালে গেল ৯ সেপ্টেম্বর আটকা পড়ে একটি ছোট সরালি হাঁস। হাঁসটিকে ব্যাগে পুরে বাড়ি নিয়ে যায় সাকিবুল (১০) নামের স্কুলপড়ুয়া এক বালক। তার উদ্দেশ্য এটি পুষবে সে। তার বাবা আসাদুজ্জামান মোড়ল। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের (আগোলঝাড়া-ভায়ড়া) সদস্য।
খবরটা পেয়ে সেখানে যায় স্থানীয় ওয়াইল্ড লাইফ মিশন। দেরি না করে সংগঠনের সেক্রেটারি রাশেদ বিশ্বাসসহ সেলিম শেখ, শেখ রেদওয়ানুল ইসলাম, ইউনুস আলী ও রাকিব হোসেন ওই বাড়িতে যান। সাকিবুল প্রথমে হাঁসটিকে দিতে অস্বীকার করে। তখন তাকে বোঝানোর জন্য ফোন করা হয় খুলনার প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্যকে।
তিনি আসাদুজ্জামানের সঙ্গে কথা বলেন অনেকক্ষণ ধরে। তিনি ছেলেকে বুঝিয়ে বুনো হাঁসটিকে ওয়াইল্ড লাইফ মিশনের হাতে তুলে দেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি জীববৈচিত্র্য বিষয়ে জানেন, জানেন বন্য প্রাণী আইনের কথাও। পরীক্ষা করে দেখা গেল, হাঁসটির ওড়ার পালক নেই।
হাঁসটি সেলিম শেখ রাতে রাখেন সুরক্ষিত জায়গায়। পরদিন সকালে ছেড়ে দেন বাড়ির পুকুরে। পুকুরে সেলিমের পোষা দুটি স্ত্রী চায়না হাঁস চরছিল, সরালিটি তেড়ে যায় ও দুটোর দিকে।
আমাদের আবাসিক এই বুনো হাঁসের নাম ছোট সরালি হাঁস। ইংরেজি নাম লেসার হুইসলিং–ডাক। বৈজ্ঞানিক নাম Dendrocygna javanica। ওজন ৪৫০-৫০০ গ্রাম, দৈর্ঘ্য ৪২ সেন্টিমিটার। বিল-ঝিল-জলাশয়-হাওর-বাঁওড়ে ছোট বা বড় ঝাঁকে চরে, মূলত নিশাচর। রাজধানী ঢাকার আকাশেও শীতকালের রাতে এগুলোর ঝাঁক দেখা যায়, শোনা যায় তীক্ষ্ণ শিসধ্বনির মতো সম্মিলিত ডাক।
ষাট থেকে নব্বই দশক পর্যন্ত গ্রামাঞ্চলে দেখেছি বড় বড় ঝাঁক, রাতে মনে হতো দূরাগত বৃষ্টির শব্দ এগিয়ে আসছে এদিকে, উড়ে যেত মাথার ওপর দিয়ে। দুর্দান্ত ডাইভার ও সাঁতারু সরালির মূল খাদ্য জলজ আগাছা, উদ্ভিদ-গুল্ম, শস্যদানা, মাছ, পোকামাকড়, গুগলি শামুক ইত্যাদি।
এদের ওপরের ঠোঁটের ভেতর দিকে আগায় শক্ত দাঁতের মতো একটি জিনিস আছে, ওটার চাপে শামুক-ঝিনুকের খোল গুঁড়া করে ফেলে, মানুষের হাতে কামড় দিলে ব্যথা লাগে। বর্ষা-হেমন্তকাল পর্যন্ত ঘাসবন, নাটাকাঁটা বন, উলুবন, নলবন, হোগলা বন, খেতের আইল বা কচুরিপানার ভেতর অথবা মোটা গাছের গুঁড়ির ফাঁকে ইত্যাদি জায়গায় বাসা বানায়। ডিম পাড়ে ৭ থেকে ১২টি। দুজনেই তা দেয় ডিমে, ছানা ফোটে ২৪ থেকে ২৫ দিনে।
আগোলঝাড়ার হাঁসটির ওড়ার পালক গজাবে, উড়ে যাবে আকাশে, এমন প্রত্যাশা সবার।
শরীফ খান, পাখি ও বন্য প্রাণিবিষয়ক লেখক