রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, এমন কত দিন চলতে পারে

সকালের ঝড়-বৃষ্টিতে উপড়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরের রাধাচূড়াগাছ। গাছটি কেটে সরিয়ে ফেলার কাজ করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ছবি: মীর হোসেন

মৌসুমি বায়ু দেশে প্রবেশের আগের এ সময়ে প্রকৃতির ‘বেহিসাবি’ আচরণ চোখে পড়ছে। এটা এ সময়ের বৈশিষ্ট্য বলেই মনে করেন আবহাওয়াবিদেরা। সেই বৈশিষ্ট্য হলো কোথাও প্রচণ্ড গরম আবার কোথাও ধুম বৃষ্টির পর কিছুটা শীতল পরিবেশ। প্রায় সাত দিন ধরে এই ভিন্নমুখী আচরণ বেশি চোখে পড়ছে।

গতকাল সোমবার দক্ষিণের একাধিক এলাকায় তাপপ্রবাহ বয়ে যায়। আবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিও হয় প্রচুর। সেই তুলনায় আজ বৃষ্টির পরিমাণ বেশি। রাজধানীতেই সকাল ছয়টা থেকে পরের ছয় ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টি হয়। আজ রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের নানা স্থানে বৃষ্টি হয়েছে সকাল থেকেই। রংপুর বিভাগ বাদ দিয়ে দেশের বাকি বিভাগগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টি হয়েছে। দক্ষিণে অবশ্য সেই তুলনায় বৃষ্টির পরিমাণ কম।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ফেনীতে ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর আজ প্রথম আলোকে বলেন, বিকেলের দিকে মেঘমালা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিকে সরে গিয়েছে। আজ বাকিটা সময় বৃষ্টি কম হতে পারে। তবে আগামীকাল ঢাকা, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। সেই ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। মাঝে বার দুয়েক রোদের মুখ দেখা গিয়েছিল কিন্তু বিকেল পর্যন্ত সেই মেঘলা আবহাওয়াই আছে। আগামীকাল রাতে রাজধানীতে অনেকটা বৃষ্টি হতে পারে। তবে পরশু বৃহস্পতিবার রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর। তিনি বলেন, আজ তাপপ্রবাহ কমে যেতে পারে।

এ সময়ের প্রকৃতির একটি বৈশিষ্ট্য হলো স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়। আবার হঠাৎ করেই বৃষ্টি হয়। এর বিস্তৃতি তেমন থাকে না। এ বৈশিষ্ট্যের কথা তুলে ধরে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হওয়ায় দীর্ঘমেয়াদি পরিস্থিতি অনেক সময় বোঝা যায় না। তবে একটি অঞ্চলে মেঘলা থাকলেও অন্য অঞ্চলে তাপ থাকে। এটা কয়েক দিন ধরে দেখাও যাচ্ছে।