বিশ্বের ১২২ নগরীর মধ্যে বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ স্থানে ব্যাপক দূষণ
বৃষ্টির সুফল পেল না ঢাকা নগরী। গতকাল নগরীতে বৃষ্টি হয়ে গেল। তবে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যখন এ প্রতিবেদন লেখা হচ্ছে, তখন বিশ্বের ১২২ শহরের মধ্যে ঢাকা শীর্ষে আছে। বায়ুর মান ২৪০। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ঢাকার ৯ স্থানে আজ বায়ুর মান অস্বাভাবিক খারাপ। একটি স্থানে বায়ুর মান ৩০০ ছাড়িয়ে গেছে। বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়; আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।
ঢাকার বায়ুদূষণ ভয়াবহভাবে বাড়ছে। গত ফেব্রুয়ারি মাসের প্রায় পুরোটা সময় ঢাকা বায়ুদূষণে শীর্ষে ছিল। এ মাসেও এর ব্যতয় হচ্ছে না। এরই মধ্যে গতকাল নগরীতে বৃষ্টি হয়ে গেল। ১১৪ দিন পর বৃষ্টি হলো ঢাকায়। যদিও পরিমাণ খুব কম, মাত্র ৩ মিলিমিটার। সাধারণত বৃষ্টি হলে বায়ুর মান উন্নত হয়। কিন্তু দেখা গেল কোনো উন্নতি হয়নি। গতকাল বৃষ্টির পরপরই অবশ্য বিকেল ৫টার দিকে বিশ্বের নগরীগুলোর মধ্যে দূষণে শীর্ষে ছিল ঢাকা। রাতেও অবস্থার পরিবর্তন হয়নি। যদিও স্কোর ২০০–এর নিচে ছিল।
বায়ুদূষণে ২০১৯ সালে দেশে প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে। এতে মোট দেশজ উৎপাদনের ক্ষতি প্রায় ৮ শতাংশ বলেও জানিয়েছে সংস্থাটি।
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সরকারের সময় নানা উদ্যোগ নেওয়া হয়েছে; কিন্তু সেসবে কোনো কাজ হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় নানা উদ্যোগের কথা বলা হয়েছে, তাতে কাজের কাজ কিছু হয়নি। ঢাকা বা দেশের অন্য কোনো স্থানে দূষণ পরিস্থিতির উন্নতি হয়নি চোখে পড়ার মতো। নতুন সরকার দূষণ রোধে কী করতে পারে?
রাজধানীর নয় স্থানে আজ ভয়ানক দূষণ। এর মধ্যে সর্বোচ্চ দূষণ গুলশানের বে’জ এইজ ওয়াটারে, স্কোর ৩৭৪। এরপর আছে গুলশান লেক পার্ক (২৮০), বারিধারা পার্ক (২৭৪), সাগুফতা (২৭০), দক্ষিণ পল্লবী (২৬২), উত্তর বাড্ডা, আবদুল্লাহবাগ (২৫০), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৪০), বেচারাম দেউড়ি (২১০) ও শান্তা ফোরাম (২০৭)।
দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে, তবে কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকছে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।
সুরক্ষায় নগরবাসী যা করবেন
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।