দেশে তিন বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দিনে খটখটে রোদ, আর রাতে হিম হিম ঠান্ডা। রাজধানীসহ বড় শহরগুলোতে শীতের তীব্রতা কম হলেও একটু গ্রামের দিকে গেলে দৃশ্যপট বদলে যাচ্ছে। বিকেল থেকে জেঁকে বসা শীতে কাবু হওয়ার দশা। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, দেশের ১৬টি জেলা এবং রংপুর বিভাগে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আর আজ শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত তিন বছরের মধ্যে দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে—৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, শুধু ওই ১৬ জেলা ও রংপুর বিভাগেই যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা নয়। দেশের বেশির ভাগ জেলায় বিকেল থেকে পরের দিন ভোর পর্যন্ত তাপমাত্রা ১৬ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। তবে দিনে রোদ থাকায় নদীর তীরবর্তী এলাকা ছাড়া কোথাও তেমন কুয়াশা দেখা যায়নি। আগামী দু-এক দিন এ ধরনের আবহাওয়া থাকতে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা–চট্টগ্রামসহ দেশের বেশির ভাগ বড় শহর থেকে শৈত্যপ্রবাহ প্রায় নাই হয়ে যাচ্ছে। অতিরিক্ত ঘনবসতি, কংক্রিটের উঁচু ভবন আর শহরে জলাশয় ও সবুজ কম থাকায় শহরের তাপমাত্রা গ্রামের চেয়ে কয়েক ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। ফলে শহরের পাশের এলাকায় শৈত্যপ্রবাহ থাকলেও মূল শহরের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৯ সালে সর্বশেষ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল। ওই বছর ডিসেম্বরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর পরের বছরগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আর ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, রংপুর বিভাগ এবং ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, পাবনা, নঁওগা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।