বায়ুদূষণ নিয়ে গবেষণা
ঢাকার বাতাসে বিষাক্ত প্লাস্টিক কণা
ঢাকার ১৩টি এলাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বাতাসে জরিপ করে অতি ক্ষুদ্র বিষাক্ত প্লাস্টিক কণা পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের হিউস্টন এবং টেক্সাস বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা।
বায়ু দূষণের উৎস নিয়ন্ত্রণে জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ঢাকার বাতাসে এক নতুন বিপদ দানা বাঁধছে। এত দিন বাতাসে নানা দূষিত বস্তুকণা নিয়ে উদ্বেগ ছিল। শঙ্কা বাড়িয়েছিল অতিভারী ধাতুর উপস্থিতি। মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ওই বস্তুকণা পরিমাপ করে গবেষকেরা ঢাকার বাতাসকে বিপজ্জনক বলছিলেন। এবার গবেষকেরা ঢাকার বাতাসে বিষাক্ত অতিক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। ঢাকাবাসীর নিশ্বাসের সঙ্গে ওই কণা শরীরে প্রবেশ করছে। এতে ক্যানসার, শ্বাসপ্রশ্বাসের রোগ তৈরি হচ্ছে, যা ওষুধেও দূর হবে না বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। ফলে এর উৎস নিয়ন্ত্রণে জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয় এবং টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় ঢাকার মোট ১৩টি এলাকার বাতাসের নমুনা নেওয়া হয়। এলাকাগুলো হলো ঢাকা ক্যান্টনমেন্ট, মোহাম্মদপুর, মিরপুর-১৩, পশ্চিম কাজীপাড়া, শান্তিনগর, আরামবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও ফজলুল হক হল, খিলক্ষেত, ফার্মগেট, মহাখালী, মুগদা, বাসাবো। এ ছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও গাজীপুরের টঙ্গী এলাকার বাতাসের নমুনাও সংগ্রহ করা হয়।
আপনি চান বা না চান, নিশ্বাসের সঙ্গে ওই ক্ষতিকর উপাদান প্রবেশ করছে।অধ্যাপক আবদুস সালাম, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়,গবেষণায় নেতৃত্বদানকারী
গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম। তিনি গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, আপনি চান বা না চান, নিশ্বাসের সঙ্গে ওই ক্ষতিকর উপাদান প্রবেশ করছে। প্লাস্টিকের ব্যবহার কমানো এবং যাতে তা প্রকৃতিতে ফিরে না যায়, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা করা হলেও তার কোনো প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না। যে কারণে এই দূষণ বেড়েই চলেছে।’
বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণ সংস্থা এয়ার ভিজ্যুয়ালসহ বৈশ্বিক সংস্থাগুলোর হিসাবে, গত দুই বছর ঢাকা সবচেয়ে দূষিত বায়ুর শহর হয়ে উঠেছে। গত জানুয়ারি মাসের বেশির ভাগ সময়জুড়ে ঢাকার বাতাস বিপজ্জনক ও দুর্যোগপূর্ণ ছিল।
মাটি-পানি থেকে রক্তে প্লাস্টিক
বাংলাদেশে হওয়া একাধিক গবেষণায় নদী ও সমুদ্রের মাছ, পানি, মাটি ও চায়ের মধ্যে অতিক্ষুদ্র প্লাস্টিক কণা পান গবেষকেরা।
২০২২ সালে নেদারল্যান্ডসে এক গবেষণায় মানুষের রক্তেও উপাদানটি পাওয়া যায়। সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের রক্তের নমুনা নিয়ে গবেষকেরা পরীক্ষা করেন।
একই বছর চীনের চারটি শহরের বাতাসে এই বস্তুকণার ভেসে বেড়ানো নিয়ে তুমুল আলোচনা হয়।
প্লাস্টিক কণা নিশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে প্রথমে ফুসফুস, পরে রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এতে ক্যানসার থেকে শুরু করে স্নায়ুজনিত নানা রোগ, উচ্চ রক্তচাপ এবং শ্বাসজনিত অনেক সমস্যা তৈরি করতে পারে।মো. আতিকুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক
তার আগে ২০২১ সালে বিশ্বব্যাংকের এক গবেষণায় বলা হয়, বাংলাদেশের নগরগুলোতে গত দেড় যুগে প্লাস্টিকের ব্যবহার তিন গুণ বেড়েছে। রাজধানীতে বছরে মাথাপিছু প্রায় ২৩ কেজি প্লাস্টিক ব্যবহৃত হয়। এই প্লাস্টিকের প্রায় অর্ধেক মাটি ও পানিতে রয়ে যায়। তৈরি করে মারাত্মক দূষণ। জনস্বাস্থ্যকে ফেলে হুমকিতে।
অধ্যাপক আবদুস সালামের নেতৃত্বাধীন ওই গবেষণায় বাতাসের নমুনা সংগ্রহের ক্ষেত্রে গবেষণা এলাকাগুলোতে একটি বিশেষ যন্ত্র স্থাপন করা হয়। পরে গবেষকেরা সেখানে বাতাস প্রবাহিত হওয়ার পর যে ধুলা জমে থাকে, তা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করেন। এ ছাড়া একটি বিশেষ ধরনের ক্যামেরা দিয়ে ধুলা উড়ে যাওয়ার সময় ছবি তোলেন। মূলত ওই দুই পদ্ধতিতে বাতাসে অতিক্ষুদ্র প্লাস্টিক কণা চিহ্নিত করা হয়।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান) জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ‘বাতাসে অতিক্ষুদ্র প্লাস্টিক কণা ভেসে বেড়ানো একটি নতুন তথ্য। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যাতে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এবং নিরাপদ স্থানে ফেলার দায়িত্ব নেয়, সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি।’
যেভাবে ছড়িয়ে পড়ছে প্লাস্টিক কণা
আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ইকোলজিক্যাল ইনফরমেটিকস গত ৯ ডিসেম্বর দক্ষিণ এশিয়ার শহরগুলোতে প্লাস্টিক–দূষণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, বিশ্বে ২০২২ সালে এক কোটি টন প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে পড়েছে। মানবদেহ ও বিশ্বের সামগ্রিক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ওই বর্জ্য খুব দ্রুত বাড়ছে। এই গতিতে বাড়তে থাকলে তা ২০৪০ সালের মধ্যে দুই কোটি টনে পরিণত হবে।
গবেষণায় আরও বলা হয়, বিশ্বে ছড়িয়ে পড়া মোট প্লাস্টিক বর্জ্যের ২৫ শতাংশ ছড়িয়ে পড়ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। যার ৯১ শতাংশ ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে। এই অঞ্চলে মোট তৈরি হওয়া ৩ কোটি ২২ লাখ টন বর্জ্যের ১২ শতাংশ হচ্ছে প্লাস্টিক। যার ৭৫ শতাংশ মূলত অপরিকল্পিতভাবে মাটি ও পানিতে ফেলা হয়। এভাবে চলতে থাকলে দক্ষিণ এশিয়ায় ২০৫০ সালের মধ্যে বছরে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ দাঁড়াবে ছয় কোটি টনে। এখন থেকে যদি প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়, তাতেও বিশ্বের প্রতিবেশ ব্যবস্থায় ৫০০ কোটি টন প্লাস্টিক রয়ে যাবে। একটি প্লাস্টিক কণা প্রকৃতি অন্তত ৪০০ বছর টিকে থাকে।
গবেষণায় বলা হয়, বিশ্বে বায়ুদূষণে মৃত্যু হওয়া মানুষের ৪৭ শতাংশ হয় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে। সম্প্রতি চীনের ৫টি শহরের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, সেখানে ১০ থেকে ২০ লাখ টন প্লাস্টিক কণা ছড়িয়ে পড়েছে, যা নিশ্বাসের সঙ্গে সেখানকার অধিবাসীদের শরীরে প্রবেশ করছে। এতে ক্যানসার, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে নানা ধরনের রোগবালাই হচ্ছে। কিন্তু চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনা করলে দেখা যাবে, চীনে ব্যবহৃত হওয়া প্লাস্টিকের ৭৪ শতাংশ প্রকৃতিতে ফেলে দেওয়া হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই হার ৮৭ শতাংশ।
শীতকালে প্লাস্টিক ও কাগজ পোড়ানোর বিপদ
যুক্তরাষ্ট্রের ওহাইও বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাতাসে প্লাস্টিক পোড়ানোর প্রভাব নিয়ে একটি গবেষণা হয়েছে। তাতে এসব দেশে শীতকালে উত্তাপ নেওয়ার জন্য প্লাস্টিক, পলিথিন ও কাগজ পোড়ানোর মাধ্যমে বাতাসে অতিক্ষুদ্র প্লাস্টিক ছড়িয়ে পড়ার কথা বলা হয়।
গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী এসআইএস এনভায়রনমেন্টাল-এ প্রকাশিত ওই গবেষণায় প্রথম ঢাকার বাতাসে অতিক্ষুদ্র প্লাস্টিকের দূষণ ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হয়। তাতে যুক্তরাষ্ট্রের পাঁচটি ও বাংলাদেশের ছয়টি এলাকা থেকে বাতাসের নমুনা সংগ্রহ করা হয়।
গবেষণায় বলা হয়, বিশ্বে প্রতিবছর ২৪০ কোটি টন গৃহস্থ বর্জ্য তৈরি হয়। এর ২৬ শতাংশ ঘরের আশপাশে ও ১৫ শতাংশ ডাম্পিং স্টেশন বা বর্জ্য ফেলার জায়গায় পোড়ানো হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ২২ কোটি ৬৯ লাখ টন ও বাংলাদেশে ২ কোটি ৬৭ লাখ টন বর্জ্য তৈরি হয়। বাংলাদেশে তৈরি হওয়া বর্জ্যের ৬০ শতাংশ ঘরের আশপাশে পুড়িয়ে ফেলা হয়। ওই ধোঁয়া থেকে কার্বন মনোক্সাইড, মার্কারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন তৈরি হয়। এগুলো ঢাকার বাতাসকে মারাত্মকভাবে বিষাক্ত করছে।
গবেষণায় বাংলাদেশের ঢাকা ও উপকূলীয় জেলা ভোলা, নেপালের ললিতপুর, লুমবিনি ও কাঠমান্ডু, যুক্তরাষ্ট্রের হিউস্টন, আইওয়া, আটলান্টা, জর্জিয়া থেকে বাতাসের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি প্লাস্টিক পোড়ানোর মাধ্যমে তৈরি হওয়া দূষিত গ্যাস পাওয়া গেছে ঢাকা শহরে।
জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক মো. আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, প্লাস্টিক কণা নিশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে প্রথমে ফুসফুস, পরে রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এতে ক্যানসার থেকে শুরু করে স্নায়ুজনিত নানা রোগ, উচ্চ রক্তচাপ এবং শ্বাসজনিত অনেক সমস্যা তৈরি করতে পারে। এ কারণে হওয়া রোগের চিকিৎসায় সাধারণত ওষুধ কাজ করে না বলে মনে করা হয়। ফলে প্লাস্টিক বর্জ্য যাতে প্রকৃতিতে না ছড়াতে পারে, তা নিশ্চিত করতে হবে।