মিরপুরে বাজারে অভিযান, উদ্ধার হলো ৬২টি দেশীয় পাখি
বন্য প্রাণীর অবৈধ কেনাবেচা বন্ধে বন বিভাগ রাজধানীর মিরপুর-১-এর বাজারে আজ অভিযান চালিয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় এ অভিযান চালিয়ে ৬২টি দেশি পাখি উদ্ধার করেন বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের কর্মকর্তারা। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর-১ বাজার এলাকায় টহল অভিযান পরিচালনা করে ১৮টি টিয়া, ১২টি ময়না, ২৬টি শালিক, ৪টি কোকিল, ২টি প্যাঁচাসহ মোট ৬২টি দেশীয় পাখি উদ্ধার করা হয়। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমিন তিতলী ও বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা আজকের অভিযানে নেতৃত্ব দেন। এসব পাখি পরে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে ছেড়ে দেওয়া হয়।
আজকের অভিযান নিয়ে বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা প্রথম আলোকে বলেন, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী, বন্য প্রাণী ধরা, মারা, লালন-পালন ও কেনাবেচা করা দণ্ডনীয় অপরাধ। বন্য প্রাণীর অবৈধ কেনাবেচা বন্ধে তাই আজকের অভিযান পরিচালনা করা হয়।