সাগরে আবার লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টি আবার শুরু হবে কি
রোদঝলমলে ছিল গতকাল সকালের আকাশ। আর আজ বুধবার সকালের আকাশ মেঘে ঢাকা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সকালের দিকেই সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বেশি বৃষ্টি হতে পারে বিকেলের দিকে। লঘুচাপ সৃষ্টির পর এ দফায় আগামীকাল থেকে বৃষ্টি হতে পারে। তবে গত সপ্তাহের মতো তাণ্ডব হবে না, এমনটাই মনে করেন আবহাওয়াবিদেরা।
অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ সকাল আটটার দিকে প্রথম আলোকে বলেন, আজ সকালেই আবার সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। সকাল ১০টার দিকে এটা হতে পারে।
লঘুচাপ সৃষ্টি মানেই কি একনাগাড়ে বৃষ্টি? এর জবাবে ওমর ফারুক বলেন, লঘুচাপ সৃষ্টি হওয়ার পর সময় লাগে বৃষ্টি হতে। সে হিসাবে ধরলে আগামীকাল বা এর পর থেকে বৃষ্টি হতে পারে। তবে এর পরিমাণ বেশি হবে না। গতবারের মতো হওয়ার সম্ভাবনা নেই।
চলতি মাসের ৫ তারিখ থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। মূল কারণ ছিল সাগরে নিম্নচাপ। এর সঙ্গে ছিল সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব। বৃষ্টিটা শুরু হয় মূলত দক্ষিণ–পূর্বের চট্টগ্রাম অঞ্চল থেকে। সেখানে ব্যাপক বৃষ্টি হয়। শুধু চট্টগ্রামে নয়, সিলেটসহ দেশের সর্বত্র বৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৫ থেকে ১২ তারিখ পর্যন্ত এ মাসের মোট বৃষ্টির ৭৯ শতাংশ হয়ে গেছে। আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। তবে সকালের দিকে সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন ওমর ফারুক। তিনি বলেন, বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে বিকেলের দিকে। তবে তা ভারী হওয়ার সম্ভাবনা কম।
এবার নতুন করে বৃষ্টি হলে তা দক্ষিণাঞ্চলেই শুরু হতে পারে। পরে তা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে পারে। তবে এটি দীর্ঘ সময় ধরে হবে না।
আজ সকাল সাতটায় পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
এদিকে বৃষ্টি কম হওয়ায় গতকাল দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। গরমও বেড়েছে যথেষ্ট। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি। আগের দিনই এ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ অবশ্য তাপমাত্রা আর বাড়বে না বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।