সকালে কুয়াশা, দুপুরে মেঘ: এমন অবস্থা কেন জানাল আবহাওয়া অধিদপ্তর
আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল রাজধানীর আকাশ। শুধু রাজধানী নয়, পার্শ্ববর্তী অঞ্চল এবং দেশের নানা স্থানে ছিল কুয়াশা। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলেও আকাশ মেঘলা হয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু রাজধানীর আকাশ নয়, দেশের নানা স্থানে এমন মেঘের উপস্থিতি দেখা গেছে।
মাঘের শেষে এসে দেশের তাপমাত্রা বাড়ছে। আজও দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা আগের দিনের তুলনায় বেড়েছে। এরই মধ্যে কুয়াশার উপস্থিতি। এমন অবস্থা কেন, জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, দক্ষিণ-পশ্চিম বায়ুপ্রবাহ বেড়ে গেছে গতকাল থেকে। এর ফলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। আর সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। এমন অবস্থায় কুয়াশার সৃষ্টি হয়।
হাফিজুর রহমান আরও বলেন, কুয়াশার পরপরই আকাশ মেঘে ঢেকে যাওয়ার কারণও এই দক্ষিণ-পশ্চিমের বায়ু।
এমন কুয়াশাঘন আবহাওয়া আরও দু–এক দিন থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়।
আজ সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের বেশির ভাগ স্থানে তাপমাত্রা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের ৪৩টি স্টেশনের হিসাব তুলে ধরে আবহাওয়াবিদ আবদুর রহমান আজ প্রথম আলোকে জানান, ৩০টি স্টেশনেই তাপমাত্রা বেড়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে, ১৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ এবং গতকাল দুই দিনই ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।