গ্রামটির নাম থরনিপাড়া। সাঙ্গু-মাতামুহুরীর গহিন বনের একবারে শেষ গ্রামগুলোর একটি। সাধারণ মানুষের চলাচল নেই। মাত্র ১২টি পরিবারের বসবাস। গ্রামটিতে আছে সুন্দর একটি বৈঠকখানা। এখানে বসেই বিকেলের অসাধারণ মিষ্টি রোদ আর বয়ে যাওয়া পাহাড়ি ঝিরির পানির ঝিরঝির আওয়াজ পাওয়া যায়। বৈঠকখানায় পাহাড়িদের আড্ডা চলে মূলত বিকেলে।
বিরল ধনেশ পাখির খোঁজে গ্রামটিতে রওনা হলাম। ওই গ্রামে যাওয়ার জন্য প্রায় ৯০ ডিগ্রি খাড়া পাহাড় বেয়ে উঠতে হয়েছে। প্রায় চার ঘণ্টার হাঁটাপথে হরেক রকম অভিজ্ঞতার মধ্যে জঙ্গলের ভেতর পেতে রাখা কিছু ফাঁদ দেখে চমকে উঠি। ধনেশ পাখি ধরার ফাঁদ। প্রায় অর্ধশত ফাঁদ গাছে গাছে লাগানো দেখতে পাই। ফাঁদের সঙ্গে ধনেশ পাখিকে আকৃষ্ট করার জন্য পাখিটির পছন্দের ফলও দেওয়া আছে। স্থানীয় পাহাড়িদের কাছে এই ধনেশ পাখি পরিচিত। এমনকি পাখিটির খাদ্যাভ্যাস আর প্রজনন সম্পর্কেও তাদের বিস্তর ধারণা।
থরনিপাড়ায় দুপুরে পৌঁছানোর পর একজনই বয়স্ক নারীকে পেলাম। দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে আলাপ হলো ধনেশ পাখি নিয়ে। বেশ কয়েকটি ঘরে ধনেশ পাখির ঠোঁট আছে। ঘর থেকে পাখির কয়েকটি ঠোঁট এনে দেখালেনও ওই নারী। সেসব দেখে মনে হলো, নিয়মিত এই পাখি শিকার করা হয়। মূলত পাখিটি খাওয়ার জন্য ধরা হয়। আবার কবিরাজি চিকিৎসায় ধনেশের মাথার বেশ কদর রয়েছে। অনেক দামে বিক্রি করা যায়, বিশেষ করে রাজধনেশের মাথা।
গত বছরের সেপ্টেম্বর সাঙ্গু-মাতামুহুরী এলাকায় সাত দিনে অর্ধশত ধনেশ পাখি দেখেছি। কিন্তু তার সবই ছিল পাকড়া ধনেশ। রাজধনেশের খোঁজে প্রায় এক যুগ পাহাড়ে যাই। কোনোবারই দেখা পাইনি। বাংলাদেশের সবচেয়ে বিরল পাখির একটি হলো এই রাজধনেশ বা গ্রেট হর্নবিল। চল্লিশ বছর আগেও এই পাখি গহিন বনে দেখা যেত। এমনকি ১৯৯০ সালের শুরুতে পাখি গবেষকেরা মৌলভীবাজরের লাউয়াছড়া বনে এর দেখা পান। এখন সিলেটের আর কোনো বনে রাজধনেশ টিকে নেই। মূলত বাসা বানানোর গাছের অভাবেই পাখিটি হারিয়ে গেল।
সাঙ্গুর পাহাড়ভাঙ্গা গ্রাম থেকে ২৪ সেপ্টেম্বর বান্দরবানের লামার দিকে ফিরছিলাম। মাতামুহুরী নদীপথে দুপুরের রোদে পশুপাখির দেখাও তেমন মিলছিল না। নৌকায় বেশ ঝিমুনি আসছিল। অবিশ্বাস্যভাবে নৌকার পাখনাও ভেঙে গেল কুরুকপাতা বাজারে পৌঁছানোর আগে। নৌকার মাঝিরা তা ঠিক করায় ব্যস্ত ছিলেন। এমন সময় ওয়াক ওয়াক আওয়াজ শুনলাম। মাথার ওপর বেশ বড় একটি ছায়া পড়ল। নৌকার গলুই থেকে সহকর্মী শিবলি সাদিক একটি অস্পষ্ট আওয়াজ করলেন। আর বোঝার বাকি রইল না। রাজধনেশের দেখা পেলাম। তা–ও আবার একটি নয়, এক জোড়া রাজধনেশ এসে বাঁ পাশের একটি উঁচু পাহাড়ের ডুমুরগাছে বসল। বেশ কয়েকটি ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু পাখি দুটি দ্রুত উড়ে গেল। রাজধনেশ দেখার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়।
বাংলাদেশে চার জাতের ধনেশ পাখি দেখা যায়। একেবারেই কম দেখা যায় পাতাঠুঁটি ধনেশ। সাম্প্রতিক সময়ে এই ধনেশ মাত্র দুবার দেখা গেছে। ২০০৭ সালের ২৩ ডিসেম্বর দেখা গেছে বান্দরবানের দার্জিলিংপাড়ায়। আর সব৴শেষ ২০১৮ সালের মার্চে বান্দরবানের ক্রিসটংয়ে।
রাজ ধনেশ আমাদের পাহাড়ি বনের আবাসিক পাখি। গহিন বনে নিয়মিতই দেখা যেত। কিন্তু শিকারিরাই পাখিটির টিকে থাকা অসহনীয় করে তোলেন। এখন রাজধনেশ খুব বেশি টিকে নেই। সাঙ্গুর বাইরে কাসালং বনে কিছুসংখ্যক টিকে আছে। অন্য ধনেশটির নাম পাকড়া ধনেশ। পাহাড়ে গেলে এখনো এ পাখির দেখা পাওয়া যায়। তবে এ পাখির টিকে থাকতেও ভালো বন দরকার। অন্য প্রজাতিটি দেশি মেটে ধনেশও আমাদের দেশে কালেভদ্রে দেখা যায়।
রাজধনেশ আমাদের বনে ফেরানো যাবে কি না, জানি না। তবে পাহাড়ি জনপদে এই পাখি সংরক্ষণের জন্য ব্যাপক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকারিভাবেই বড় উদ্যোগ দরকার। রাজধনেশ রক্ষায় পাশের দেশ ভারতে বড় উদ্যোগ চোখে পড়ে। নাগাল্যান্ডে প্রতিবছর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় ‘হর্নবিল ফেস্টিভ্যাল’। এর মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জানতে পারছে পাখিটিকে রক্ষার আবেদন। এ ছাড়া ভারতের একাধিক রাজ্যের জাতীয় পাখি হলো রাজধনেশ। প্রিয় এই পাখি আমাদের পাহাড়েও টিকে থাকলে পাহাড়িরাই এর সৌন্দর্য বেশি উপভোগ করবেন।
সীমান্ত দীপু, বন্য প্রাণী গবেষক