রাজধানীতে সকাল থেকে মেঘলা আকাশ, কেমন যাবে সারা দিন
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাব বিশেষ করে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি বেড়েছে। রাজধানীর আকাশ আজ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা। ঝিরঝির বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের প্রভাবেই এ বৃষ্টি। আজ রাজধানীতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি কমে আসতে পারে। আগামীকাল আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর আজ সকাল আটটার দিকে প্রথম আলোকে বলেন, লঘুচাপটি আজ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বৃষ্টি বেড়েছে বিশেষ করে উপকূলীয় এলাকায়। রাজধানীর বৃষ্টিও হচ্ছে এর প্রভাবে।
আজ সকাল থেকে আকাশ মেঘলা। সামান্য বৃষ্টি হয়েছে। এ প্রতিবেদন লেখার সময়ও কিছু কিছু এলাকায় ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তরিফুল নেওয়াজ কবীর। তিনি বলেন, রাজধানীতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। এ বৃষ্টি অবশ্য কমে আকাশ পরিষ্কার হতে পারে বিকেল বা সন্ধ্যার দিকে। তবে আগামীকাল শুবার আবার বৃষ্টি হতে পারে।
সাগরের সুস্পষ্ট লঘুচাপের ফলে বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। উপকূলের এ প্রভাব রাজধানীতে পর্যন্ত বিস্তার হতে পারে।
এ বৃষ্টি আগামী অন্তত দুই দিন থাকতে পারে বলে জানিয়েছেন তরিফুল নেওয়াজ কবীর।
গত মাসের শুরুর দিকে সাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল। এর প্রভাবে দেশজুড়ে ব্যাপক বৃষ্টি হয়। অন্তত নয় জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এ দফায় অবশ্য তেমন বৃষ্টি বা বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা কম বলে আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানিয়েছেন।
গতকাল বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামে, ৩৭ মিলিমিটার। রাজধানীর আকাশ সারা দিন পরিষ্কার ছিল। গরমও ছিল প্রচণ্ড। তবে বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি হয়। এ সময় ১১ মিলিমিটার বৃষ্টি হয়।