বৃষ্টিভেজা দিন আজও, কমতে পারে কাল

বৃষ্টি আজ আরও হবে। কাল থেকে কমতে পারে বৃষ্টির ধারাছবি: আশরাফুল আলম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ মঙ্গলবারও সারা দিন দেশজুড়ে বৃষ্টি হবে। রাজধানীতেও বৃষ্টি চলবে দিনভর। কাল থেকে বৃষ্টি খানিকটা কমতে পারে। আবার কোনো কোনো জায়গায় একেবারে কমে যেতে পারে বৃষ্টি।

নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বেশি বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীর খেপুপাড়ায় দেশে সর্বোচ্চ ১১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ ও কাছাকাছি এলাকায় থাকা স্থল নিম্নচাপটি আরও পশ্চিম–উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, ওডিশা, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ প্রথম আলোকে বলেন, দেশের অধিকাংশ এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে। কাল এর রেশ কিছুটা কমে আসবে। রাজধানীতেও আজ সারা দিন বৃষ্টি হবে।

সকাল থেকে বৃষ্টি ঝরেছে রাজধানীতে
ছবি: আশরাফুল আলম

আজ সকাল সাতটায় দেওয়া ঢাকা ও এর আশপাশের আগামী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে দেওয়া ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত আজও বলবৎ আছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে না যেতে বলা হয়েছে।