ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর, ভয়ানক দূষণ একটি স্থানে
বিশ্বের ১২৬টি প্রধান শহরের মধ্যে বায়ুদূষণে আজ রোববার সকালে তৃতীয় অবস্থানে আছে ঢাকা। এ সময় রাজধানীর বায়ুর মান সূচক (একিউআই) ছিল ২০৬। আইকিউএয়ারের শ্রেণিবিন্যাস অনুযায়ী, এ মান ‘খুব অস্বাস্থ্যকর’। বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, সেখানে বায়ুর মান ২৬৩। এরপরই আছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, ২৩২।
আইকিউএয়ারের ওয়েবসাইটে আজ সকাল সোয়া ৮টার দিকে ঢাকার বিভিন্ন এলাকার বায়ুর মানের যে চিত্র পাওয়া গেছে, তাতে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে একিউআই ছিল ৩৯৭। আইকিউএয়ারের হিসাবে, এ মান ‘বিপজ্জনক’ বা ‘হ্যাজার্ডাস’ পর্যায়ের। ঢাকার ১০টি পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ।
চলতি মাসে এতটা খারাপ হয়নি ঢাকার বাতাস। এ মাসে বাতাস আরও দূষিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আজ রাজধানীর অন্য এলাকাগুলোর মধ্যে গুলশান লেক পার্কে বায়ুর মান ছিল ২৭৮, বারিধারা লেকসাইডে ২৪৫, বারিধারা পার্ক রোডে ২৩০, বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) পর্যবেক্ষণকেন্দ্রে ২২১, ইস্টার্ন হাউজিংয়ে ২১২, বাড্ডার প্রগতি সরণিতে ২০৬, বেজ এজওয়াটারে ১৯৯, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলে ১৯৫ ও বেচারাম দেউড়ীতে ১৭৪।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসে প্রধান দূষক হচ্ছে অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫। সকাল ৮টার দিকে রাজধানীর বাতাসে এ দূষক পদার্থের ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১৩০ দশমিক ৮ মাইক্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বার্ষিক নির্দেশক মানের তুলনায় এ ঘনত্ব ২৬ দশমিক ২ গুণ বেশি।
বায়ুর মান সূচক ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়। দূষণের মাত্রা ৩০০ ছাড়ালে সাধারণ মানুষের জন্যও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
বায়ুদূষণের কারণে শ্বাসতন্ত্রের সমস্যা, হৃদ্রোগ, স্ট্রোক ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের ঝুঁকি বেশি।
এমন পরিস্থিতিতে আইকিউএয়ারের পরামর্শ হচ্ছে, বাইরে শরীরচর্চা এড়িয়ে চলা, ঘরের দরজা-জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে ভালো মানের মাস্ক ব্যবহার করা। সম্ভব হলে ঘরের ভেতরে বায়ু পরিশোধক যন্ত্র ব্যবহার করাও উপকারী।