সিলেটে অঝোরে বৃষ্টি, তিন বিভাগে হতে পারে আজ

বৃষ্টিতে ফুটবল খেলায় মেতেছে তিন কিশোর। মহাখালী, ঢাকা। সম্প্রতি তোলা ছবিছবি: প্রথম আলো

দেশের দুই বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছিল দুই দিন আগেই। এর মধ্যে ছিল সিলেট ও ময়মনসিংহ। আজ শনিবার সকালে সিলেটে ব্যাপক বৃষ্টি হয়েছে। এই বিভাগ ছাড়া আজ দেশের তিন বিভাগে অনেকটা বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, সিলেটে আজ ১১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটাই মৌসুমে এত অল্প সময়ে ব্যাপক বৃষ্টি বলা যায়।

সিলেট ছাড়াও আজ ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট ও ময়মনসিংহে।

গতকাল শুক্রবার রাজধানীতে তেমন বৃষ্টি হয়নি। আবহাওয়াবিদ নাজমুল ইসলাম বলেন, আজ রাজধানীতে বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। তবে বৃষ্টিপাত খুব বেশি হওয়ার সম্ভাবনা কম।

চলতি মাসে স্বাভাবিক সময়ের অন্তত এক সপ্তাহ পর দেশে মৌসুমি বাতাস ঢোকে। মাসের শুরুতে যে গরমটা পড়েছিল মৌসুমি বায়ুর আগমনে বৃষ্টি হয়ে তা কিছুটা কমে যায়। গত প্রায় তিন দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে।

আগামীকাল রোববার ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন নাজমুল ইসলাম। তিনি বলেন, দেশের মৌসুমি বায়ুর প্রবেশদ্বার চট্টগ্রাম। ওই বিভাগে তাই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।

জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে ব্যাপক বৃষ্টি হয়। দেশের মোট বৃষ্টিপাতের ৮০ শতাংশের বেশি হয় এই মৌসুমে। তবে চলতি বছর বর্ষার মৌসুমে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।