তাপপ্রবাহ ১৩ জেলায়, রাজধানীতেও তাপমাত্রা বাড়ল
দেশের ১৩ জেলায় আজ শুক্রবার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানীতেও গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে। যদিও রাজধানীতে আজ সামান্য বৃষ্টি হয়েছে। তারপরও ভ্যাপসা গরম কমেনি। এরই মধ্যে আজ কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস সূত্র বলছে, এই ভ্যাপসা গরম এবং বিচ্ছিন্ন বৃষ্টি থাকতে পারে আরও অন্তত চার দিন। পরে তাপমাত্রা কমতে থাকবে।
কোনো এলাকায় তাপমাত্রা যদি ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে, তবে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। আজ যেসব এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেগুলো হলো রাজশাহী ও বাগেরহাটে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরায় ৩৬ দশমিক ৮, পটুয়াখালীতে ৩৬ দশমিক ৭, যশোর, ফেনী ও বান্দরবানে ৩৬ দশমিক ৬, নোয়াখালীতে ৩৬ দশমিক ৫, মাদারীপুর ও গোপালগঞ্জে ৩৬ দশমিক ২, চুয়াডাঙ্গা, চাঁদপুর ও ফেনীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে বিকেল ৪টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বাগেরহাট ও রাজশাহীতে—৩৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল থেকেই রাজধানীর আকাশে মেঘ দেখা গেছে। দুপুর ১২টার পর বৃষ্টিও হয় বিভিন্ন স্থানে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বৃষ্টি হয়েছে ৮ মিলিমিটার। তারপরও আজকের তাপমাত্রা গতকালে চেয়ে বেড়েছে। গতকাল এ নগরীর তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেল পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, আজ তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। এ অবস্থা চলতে থাকবে আগামী চার থেকে পাঁচ দিন। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে।
চলতি মে মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ছিল। মাসের অর্ধেক সময় প্রচণ্ড গরম ছিল না। তবে এর পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করে। প্রায় পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কমে যায়, বাড়তে থাকে তাপপ্রবাহ। গত বুধবার চলতি মাসের প্রথমবারের মতো তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে। অবশ্য গতকালই তা প্রশমিত হয়। তাপপ্রবাহ না থাকলেও বাতাসের আর্দ্রতার কারণে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভ্যাপসা গরম ছড়িয়ে পড়েছে।
তবে এই গরমের মধ্যেও আজ রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।