গতকালের বৃষ্টি তারপর আজ ছুটির দিন, তবু ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বায়ুদূষণফাইল ছবি

বিশ্বের ১১৭ শহরের মধ্যে আজ শুক্রবার সকালে বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়। এ সময় আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৬৫। বাতাসের এ মানকে অস্বাস্থ্যকর বলে ধরা হয়।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

গত বুধবার প্রায় সারা রাত বৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছে কিছুটা। বৃষ্টি হলে সাধারণত বায়ুর মান উন্নত হয়। আজ আবার সাপ্তাহিক ছুটির দিন। এই দিনে যানবাহন চলাচল অপেক্ষাকৃত কম। আবার অনেক কলকারখানাও বন্ধ থাকে। ঢাকার বায়ুদূষণের বড় দুই উৎস এই যানবাহন আর কলকারখানার ধোঁয়া। সেসব উৎস অনেকটা বন্ধ থাকার পরও আজ বাতাসে এতটা দূষণ।

আজ বায়ুদূষণে শীর্ষে আছে ভিয়েতনামের হ্যানয়। এ নগরীর বায়ুর মান ১৭৬। আর ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি।

আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো

আজ বায়ুদূষণে শীর্ষে আছে গুলশানের বে’জ এইজ ওয়াটার। এ এলাকার বায়ুমান ২৩৭। এরপর যথাক্রমে আছে গুলশান লেক পার্ক (১৯৫), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৭৮), বারিধারা পার্ক রোড (১৭৬), বারিধারা লেক সাইড (১৭৪), সাগুফতা (১৭৪), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৬৮), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৬১) এবং পুরান ঢাকার বেচারাম দেউড়ী (১৫৪)।  

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।