বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ

রাজশাহীতে আজ বুধবার বিকেলে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এমন তাপমাত্রার মধ্যে কাজ করছেন শ্রমজীবী মানুষ। জরিপ উদ্দিন নামের এক শ্রমিক পানি পান করছেন। আজ দুপুরে নগরের সাগরপাড়া এলাকায়ছবি: শফিকুল ইসলাম

চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ বুধবার উত্তরের জেলা রাজশাহীতে। আজ রাজশাহী, খুলনা বিভাগসহ দেশের ২৪ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে বিকেল সোয়া পাঁচটার দিকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। আগামীকালও তাপপ্রবাহ থাকতে পারে বলে অধিদপ্তর সূত্র জানাচ্ছে। আজ রাজধানীতেও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

আজ খুলনা ও রাজশাহী বিভাগেও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানান ওমর ফারুক। তিনি জানান, এর বাইরে আরও আট জেলায় তাপপ্রবাহ বইছে। সেই জেলাগুলো হলো ঢাকায় ৩৬ দশমিক ৩, টাঙ্গাইল ও মাদারীপুর ৩৬, দিনাজপুর ৩৬ দশমিক ৫, রাঙামাটি ৩৬ দশমিক ৮ এবং বান্দরবান ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী ও খুলনা বিভাগে জেলার সংখ্যা ১৮। এর সঙ্গে ৬ জেলা যুক্ত করলে ২৪ জেলায় আজ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সেই অনুযায়ী আজ রাজশাহী ছাড়া আরও ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো যশোর ও সিরাজগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাঙামাটিতে ৩৬ দশমিক ৩, ঢাকায় ৩৬ দশমিক ২ এবং খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, তাপপ্রবাহ আগামীকাল বৃহস্পতিবার না বাড়লেও পরের দিন বেড়ে যেতে পারে।