ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি, বিভিন্ন রাস্তায় পানি
রাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি। কখনো কম, কখনো ঝরছে অঝোরে। ঢাকাবাসীর ঘুম ভেঙেছে আজ বৃষ্টির শব্দে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার পর থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ঢাকার আকাশ মেঘলা। থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি জমেছে। পুরানা পল্টন, খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে, মালিবাগ রেলগেট বাজারের সামনে, মৌচাক মোড়ে, মগবাজার সেঞ্চুরি মোড়ে, দক্ষিণ মণিপুর মোল্লাপাড়া, পশ্চিম শ্যাওড়াপাড়া বর্ডার বাজারসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। এসব রাস্তায় কোথাও হাঁটু পানি। পানি মাড়িয়ে স্কুল, কলেজ ও কর্মস্থলে যেতে দেখা গেছে মানুষকে।
গতকাল থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে।
আবহাওয়া অফিসের একটি সূত্র বলছে, এই লঘুচাপ গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। তবে এটি ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে আঘাত হানতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এসব জায়গায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি , কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল দেশের ১২ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর আগে গত মঙ্গল ও বুধবার টানা দুই দিন তাপপ্রবাহ বয়ে যায়। মঙ্গলবার দেশের ২৫ জেলায় তাপপ্রবাহ ছিল। আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে, আজও দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ থাকতে পারে।
এরই মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এর প্রভাব বেশি হতে পারে ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলে।
আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ওই দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং অন্য কয়েকটি বিভাগের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।