৮ একর পাহাড়ি জমি থেকে ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার বেলতলীঘোনা পাহাড়ি এলাকায় প্রায় ৮ একর জায়গায় অবৈধভাবে গড়ে উঠেছিল ৫০০টি স্থাপনা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
জানা যায়, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা, আকবর শাহ থানা, খুলশী থানা, সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর-আলীনগর এলাকা এবং অন্যান্য পাহাড়ি এলাকায় আইন ভঙ্গ করে, স্বত্ব ব্যতিরেকে, অযৌক্তিকভাবে পাহাড় কেটে যেসব স্থাপনা গড়ে উঠেছে, সেগুলো অবিলম্বে উচ্ছেদ করতে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে।
পাহাড় রক্ষায় সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নে আকবর শাহ থানা এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের পাহাড়গুলো রক্ষায় ফয়’স লেকের পাশে বেলতলীঘোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৮ একর জায়গা থেকে ৫০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তাঁদের আগামী রোববারের মধ্যে মালামাল সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানের পর পুনর্দখল ঠেকাতে পিলার ও কাঁটাতারের বেষ্টনী দেওয়া হয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের পাহাড় পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান কার্যক্রম আজ শুরু হয়েছে। প্রথম দিনের অভিযানে ফয়’স লেকসংলগ্ন লট-৯ পাহাড়তলী মৌজার ৮ একর পাহাড়ি জায়গা থেকে প্রায় ৫০০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চট্টগ্রামের পাহাড়বেষ্টিত এলাকা আকবর শাহ, খুলশী, সীতাকুণ্ড, বায়েজিদ থানাসহ অন্যান্য পাহাড়ি এলাকার অবৈধ স্থাপনা অপসারণ ও উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান; মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি, কর্ণফুলী গ্যাস প্রতিনিধি, ওয়াসা প্রতিনিধি, নগর পুলিশ ও আনসার বাহিনী উপস্থিত ছিল।