রাজধানীতে সকাল শুরু বৃষ্টি দিয়ে, দিনটি কেমন যাবে
আবহাওয়া অধিদপ্তর আগে জানিয়েছিল, মঙ্গলবার থেকে দেশে বৃষ্টি শুরু হবে। গতকাল দেশে তেমন বৃষ্টি হয়নি। তবে আজ বুধবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা। রাজধানীর কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে। বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন স্থানে এমন মেঘলা আকাশ ও বৃষ্টি আগামী আরও দুই থেকে তিন দিন থাকবে। রাজধানীতে আজ খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। রোদও উঠতে পারে একটু পর। তবে বিকেলের দিকে কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিও হতে পারে।
এই যে ‘বিচ্ছিন্ন’ বৃষ্টির কথা বলা হলো, এখনকার আবহাওয়ার ধরনই এমন, বললেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ। তাঁর মতে, এখনকার এ বৃষ্টি কিছু নির্দিষ্ট এলাকায় হয়। আর তা হয় অল্প সময়ের জন্য। আবার আকাশ পরিষ্কার হয়ে যায়। এমন অবস্থা দুদিন চলবে। তবে শুক্র ও শনিবার বেশি বৃষ্টি হতে পারে। তবে রোববার থেকে আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে।
আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে। কারণ, পশ্চিমা লঘুচাপ এখন সক্রিয় হয়ে উঠেছে। এর প্রভাবে কদিন আগেও বৃষ্টি হয়েছে। এখন বেশি সক্রিয় হয়ে ওঠায় বৃষ্টি শুরু হয়েছে।
আজ রাজধানীর আবহাওয়া কেমন থাকতে পারে, এর জবাবে আবহাওয়াবিদ বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকে মেঘলা থাকলেও আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে বিকেলের দিকে কিছু জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ৫১ মিলিমিটার। কুমিল্লায় ১৯ ও ময়মনসিংহে এ সময় ১৫ মিলিমিটার বৃষ্টি হয়। ঢাকায় বৃষ্টি হয়েছে সামান্য পরিমাণে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—১৭ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে—৩৬ ডিগ্রি সেলসিয়াস।