পাখিদের রাতের আশ্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতের আশ্রয়ে থাকা দোয়েল ছানা। সাতশৈয়া, ফকিরহাট থেকে তুলেছেন শেখ মো. আজম।

চাঁদনি রাতে ছাদবাগানে যাই ঘুরতে, মাঝেমধ্যে অন্ধকার রাতেও যাই। বাগানের পেয়ারা-কমলা-আম-মেহেদি-বাতাবি লেবু-আঙুরলতাসহ অন্যান্য গাছের তলায় ঘুরে দেখতে চাই কয়েক রকম পাখির ছানাকে, ওরা রাতের আশ্রয় নেয় সরু সরু ডালপালায়।

দিবাচর সব পাখিই সন্ধ্যার পরে রাতের আশ্রয় নেয় যার যার সুবিধামতো জায়গায়। নিশাচর পাখিরাও দিনটা কাটায় নিরাপদ আশ্রয়স্থলে। তবে, বক-শালিক-বাবুই-মুনিয়া-হলদে বউসহ কাক-ভুবনচিল-শামুকভাঙাসহ বেশ কিছু পাখি রাতটা কাটায় দলবদ্ধভাবে।

তাই ঢাকা শহরসহ দেশের বহু শহর-বন্দর ও গ্রামে আছে ‘চড়ুইবাড়ি’ (নির্দিষ্ট একটা গাছে রোজ সন্ধ্যায় ওরা জড়ো হয় ও রাত কাটায়), ‘বকবাড়ি’, পানকৌড়িবাড়ি’ ‘শালিকবাড়ি’ ইত্যাদি। বাগেরহাটের ফকিরহাট সদরের কলেজ রোডের বয়সী বড় গাছগুলোতে ভিন্ন ভিন্নভাবে আছে ‘হলদেবউবাড়ি’, ‘শালিকবাড়ি’, ‘কাকবাড়ি, ‘ফিঙেবাড়ি’ ও ‘চড়ুইবাড়ি’।

বাংলাদেশের কোনো পাখিই মানুষের মতো সুখে-শান্তিতে বসবাসের জন্য বাসা বানায় না (দু–একটি ব্যতিক্রম ছাড়া)। এরা বাসা বানায় ডিম পেড়ে বংশবৃদ্ধির জন্য। পাখির ছানারা যখন বাসা ছাড়ে, মা-বাবার পেছনে পেছনে ঘোরে, তখন থেকেই ছানারা রাতের আশ্রয় নিতে শেখে। এ রকম ছানাদের দেখতেই আমি ছাদবাগানে যাই। মোবাইল-লাইটের আলো ফেলে মাঝেমধ্যে দেখতে পাই ওদের। দোয়েলের চার–পাঁচটি ছানা বসে আছে ডালিমগাছটার ডালে। আলো পড়লে নড়েচড়ে না, ওড়ারও চেষ্টা করে না। নীলটুনি-টুনটুনি-বুলবুলি-মৌটুসি-চড়ুই-শালিক-মুনিয়া-পাতিঘুঘুসহ (সবই সদ্য উড়তে শেখা ছানা) অন্য দু-চার প্রজাতির ছানা ছাদে দেখেছি ও দেখি। কখনো কখনো কাউকেই দেখি না।

রাতের আশ্রয়ে দুধরাজের ছানা। ফকিরহাটের সাতসৈয়া গ্রামে
ছবি: তানভীর খান

শীতে ছাদবাগানে দেখেছি, সব প্রজাতির বয়সী পাখি ও অপ্রাপ্তবয়স্ক পাখি শরীরের পালক ফুলিয়ে গোলগাল ধরনের হয়ে যায়। গায়ে গা মিশিয়ে বসে ঘাড় ঘুরিয়ে পিঠে ঠোঁট গুঁজে ঘুমায়-ঝিমায়। আলোতেও কারও কারও ঘুমের ব্যাঘাত ঘটে না। শৈশব-কৈশোর ও তরুণ বেলায় দেখেছি কমলাবউ-রঙিলা দোয়েল-রাঙা হালতি-ফটিকজল ও বাবুই-মুনিয়াদের গভীর-গাঢ় ঘুম। কমলাবউ শীতে টেনিস বল বা পটকা মাছের মতো গোলগাল হয়ে ঘুমায়। রাঙা হালতিরাও গোলগাল হয়ে ঘুমায়। রাঙা হালতিরা কাত হওয়া বাঁশ-কঞ্চি বা গাছের ডালে ছানাদের নিয়ে পাশাপাশি বসে রাত কাটায়। বাবুই-মুনিয়ারা দলবদ্ধভাবে রাত কাটায় পানের বরজ-আখখেত-পাটখেত-হোগলাবন-কাশবন ও নল খাগড়া ঝাড়ে। ১৯৭০ সাল পর্যন্ত বাগেরহাটের ফকিরহাটের সাতসৈয়ায় আমার গ্রামের ১০টি স্থানে দেশি শকুন বা গিন্নি শকুনের স্থায়ী আস্তানা ছিল, বাসা করত।

সন্ধ্যার আগে ওই সব গাছেই শকুনেরা আশ্রয় নিত। ষাটের দশকে রোজ সন্ধ্যায় একটি ৭০ ফুট উঁচু মরা নারকেলগাছের মাথায় এসে আশ্রয় নিত একটি রাজশকুন বা মোরগ শকুন। শামুকভাঙারাও চলে দলবদ্ধভাবে—রাতের আশ্রয়ও নেয় দলবদ্ধভাবে। শামুকভাঙার জাতভাই মানিকজোড়রা রাতের পর একই গাছের মাথায় আশ্রয় নেয়। বাঁশঘুঘুরা রাতে ৯০ শতাংশ ক্ষেত্রে বাঁশের কঞ্চিতে রাত কাটায়। মোচাটুনি বা কলাটুনিরা ৫০ শতাংশ ক্ষেত্রে কলাগাছ, কলার মোচা বা কলার ছড়িতে বসে রাত কাটায়।

সব পাখিই রাত কাটানোর স্থানটা নির্বাচন করে নানান দিক বিবেচনা করে। রাতে গন্ধগোকুল-সাপ-বনবিড়াল-গেছো ইঁদুর বা অন্য কোনো শত্রু যাতে নাগাল না পায় এবং জানান না দিয়ে কাছে আসতে না পারে, সে জ্ঞানটা ওদের টনটনে। পাশাপাশি নিশাচর পাখিদেরও দিন কাটাতে হয় দিনের আশ্রয়স্থলে।