সংরক্ষিত বনে ভাগাড় নির্মাণ বন্ধে মন্ত্রণালয়ের চিঠি

প্রথম আলোয় গতকাল মঙ্গলবার ‘সংরক্ষিত বনে ভাগাড় নির্মাণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর আজ গাজীপুর সিটি করপোরেশনের ওই বর্জ্যের ভাগাড়ের নির্মাণকাজ বন্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সংরক্ষিত বনে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়ের নির্মাণকাজ বন্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আজ বুধবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন-২ শাখা থেকে স্থানীয় সরকার বিভাগের সচিবের উদ্দেশে দেওয়া চিঠিতে মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘সংরক্ষিত বনে ভাগাড় নির্মাণ’ শীর্ষক সংবাদের উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়, বনের ভেতরে যে জমিতে নির্মাণকাজ চলছে, সেটি ব্যক্তিমালিকানাধীন হলেও এখনো জমির সীমানা চিহ্নিত হয়নি। এ ছাড়া জমিটি বনের কোর জোনের (বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ) অন্তর্ভুক্ত।

চিঠিতে ১৩ এপ্রিলের ঘটনা উল্লেখ করে বলা হয়, ১৩ এপ্রিল উদ্যানের সীমানাপ্রাচীর ভেঙে বালু ও মাটি ভরাট করা, সংরক্ষিত বনের ভেতর আগুন জ্বালানো, গভীর নলকূপ স্থাপনসহ গাজীপুর সিটি করপোরেশনের ঠিকাদার বিসমিল্লাহ এন্টারপ্রাইজ বিভিন্ন কর্মকাণ্ড করে একপর্যায়ে মবের সৃষ্টি করে, যা বিদ্যমান বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) ২০২৬, বন আইন-১৯২৭ দণ্ডনীয় অপরাধ।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে জানানো হলে তারা কাজ বন্ধ করতে অস্বীকৃতি জানায় উল্লেখ করে চিঠিতে বলা হয়, তারা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া কাজ বন্ধ করা হবে না বলে বন অধিদপ্তরকে জানায়।

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের বন-২ শাখার উপসচিব মোছা. মোহছিনা আকতার বানু স্বাক্ষরিত চিঠিতে সংরক্ষিত বনের ভেতরে বর্জ্যের ভাগাড় হলে জীববৈচিত্র্য, বন্য প্রাণী ও পরিবেশে কী ধরনের প্রভাব পড়বে, সেটির বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, প্যাথলজি, হাসপাতাল, শিল্প ও গৃহস্থালি থেকে আসা এসব বর্জ্যের কারণে বনের বন্য প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। বন্য প্রাণী এসবের সংস্পর্শে এলে উদ্যানের দর্শনার্থীরাও আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় চিঠিতে।

সার্বিক পরিস্থিতিতে এ ভাগাড় নির্মাণের কাজ জরুরি ভিত্তিতে বন্ধ হওয়া দরকার জানিয়ে চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে অনুরোধ করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-২ শাখার উপসচিব মোছা. মোহছিনা আকতার বানু প্রথম আলোকে বলেন, ‘মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে স্থানীয় সরকার বিভাগকে কাজ বন্ধ করার অনুরোধ জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।’

চিঠির বিষয়ে জানতে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানকে মুঠোফোন কল দিয়ে পাওয়া যায়নি। খুদে বার্তারও জবাব দেননি তিনি।