পাহাড়ের রাজা রাজধনেশ
সপ্তাহজুড়ে রুংরাংয়ের ফিরে আসার গল্প শুনলাম। রুংরাং একটি পাখির নাম। পাহাড়িরা এ নামেই পাখিটিকে চিনলেও অন্য সবাই চেনেন রাজধনেশ নামে। পাখিদেখিয়ে বন্ধু আসকার রুশো এ মাসের ৮ তারিখ বান্দরবান থেকে এই পাখির অসাধারণ কিছু ছবি তুলেছেন। ছবি দেখে তো আমি একেবারে অবাক! এত কাছ থেকে কীভাবে এই পাখির দেখা পেলেন!
কয়েক সপ্তাহ ধরে পাখিটিকে নিয়মিত দেখা যাচ্ছে বান্দরবানের আলীকদমে। সেখান থেকে যেতে হয় নাইক্ষ্যংছড়ির টপ নামের একটি জায়গায়। সেখানে হুং চুট নামে ছোট একটি থাকার জায়গা আছে। এখান থেকেই রুংরাংয়ের রাজদর্শন পাওয়া সম্ভব। এই এলাকায় দুটি দলে সাতটি পাখি আছে। পাখিটি এখন আলোচনায় এলেও ওই এলাকার ম্রোরা বলছেন, তাঁরা নিয়মিতই এদের দেখা পান।
এই পাখির টিকে থাকার লড়াইয়ের গল্প শুনেছি বহুবার। ডিম পাড়ার জন্য পাখিটির দরকার পড়ে বড় পুরোনো গাছ, আর সেই গাছে প্রাকৃতিক কোটর থাকলে ভালো। স্ত্রী পাখিটি সেই কোটরে ঢুকে কাদামাটি, নিজের বিষ্ঠা আর খাবারের অবশিষ্ট দিয়ে গর্তের মুখ বন্ধ করে দেয়। শুধু সরু একটি ফাঁক থাকে। পুরুষ পাখিটি এই ফাঁক দিয়ে স্ত্রীকে খাবার দেয়। ডিমে তা দেওয়া ও ছানা পালন সবই স্ত্রী পাখিটি করে এই কোটরের ভেতর থেকে। পুরো প্রজনন মৌসুম শেষ হতে সময় লাগে তিন-চার মাস। স্ত্রী পাখি সাধারণত এক-দুটি ডিম দিলেও বেশির ভাগ সময় একটি ছানাই টিকে থাকে। ডিম ফুটে ছানা বের হতে সময় লাগে প্রায় ৪০ দিন। এ সময় স্ত্রী পাখির ওড়ার পালক ঝরে পড়ে। পুরো সময়টাতে পুরুষ পাখিটি স্ত্রী আর ছানার জন্য খাবার জোগাড় করে। ফল গলায় জমিয়ে এনে বাসার মুখে দাঁড়িয়ে একটি একটি করে ঠোঁট দিয়ে তুলে দেয়। এভাবেই গড়ে ওঠে একটি ভালোবাসার সংসার।
এমন পাখির জীবন খুব কমই দেখা যায়। আমাদের পার্বত্য চট্টগ্রাম বা সিলেটে এমন পুরোনো গাছ নেই বললেই চলে। আবার কিছু গাছ থাকলেও তাতে প্রাকৃতিক কোটর থাকে না। একটি এলাকায় তিন-চার মাস বাসা করে থাকায় পাখিটি সহজেই শিকারিদের লক্ষ্য হয়ে ওঠে। শিকারিরা কৃত্রিম ফাঁদ পেতে এই পাখিগুলোকে ধরে খায়। আর পাখির বাসা একবার চোখে পড়লে তো আর রক্ষা নেই। স্ত্রী বা পুরুষ, যেকোনো একটি পাখি শিকারির কবলে পড়লে পুরো সংসারই শেষ হয়ে যায়। মূলত এই দুই কারণেই চোখের সামনে পাখিটিকে আমরা বন থেকে হারিয়ে ফেলেছি।
রাজধনেশ দেখার জন্য আমিও বহুবার পাহাড়ি বনে গিয়েছি। কোভিডের শেষ দিকে দুটি গহিন বনে গিয়েছিলাম। একটি কাসালং। এ দেশের সবচেয়ে প্রাণপ্রাচুর্যময় বনগুলোর একটি এটি। সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে। পাঁচ দিন এ বনের ভেতর ক্যাম্প করে থাকার বিরল অভিজ্ঞতা হয়েছে। এক বিকেলে একটি সুন্দর ঝিরি ধরে হাঁটছিলাম। মাঝপথে বৃষ্টির কবলে পড়লাম। ফিরে এসে দেখি, আমার ক্যাম্প প্রায় ডুবে গেছে। এমনই অনিশ্চয়তার বন এটি। অত্যন্ত বিরল সব বুনো প্রাণীর বাস এখানে। তবে আমার দেখার ইচ্ছা ছিল রুংরাং। পাঁচ দিনে শ খানেক ধনেশ দেখেছি, তবে সবই ছিল পাকড়া ধনেশ। রাজধনেশের দেখা না পেয়ে অবাকই হয়েছি।
এরপর একই বছর গিয়েছি সাঙ্গু বনে। এটি এখন এ দেশের দ্বিতীয় গহিন পাহাড়ি বন। ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর সাঙ্গুর পাহাড়ভাঙা গ্রাম থেকে বান্দরবানের লামার দিকে নৌকায় ফিরছিলাম। কুরুকপাতা বাজারে পৌঁছানোর আগে হঠাৎ নৌকার পাখাও ভেঙে গেল। মাঝিরা তা ঠিক করতে ব্যস্ত। এমন সময় ওয়াক ওয়াক আওয়াজ শুনলাম। মাথার ওপর দিয়ে বেশ বড় একটি ছায়া চলে গেল। আর বোঝার বাকি রইল না, রাজধনেশ! তা-ও আবার একটি নয়, এক জোড়া। এটিই ছিল আমার রাজধনেশ দেখার গল্প।
বাংলাদেশে চার প্রজাতির ধনেশ দেখা যায়। সবচেয়ে কম দেখা যায় পাতাঠুঁটি ধনেশ। সাম্প্রতিক সময়ে এটি মাত্র দুবার দেখা গেছে। রাজধনেশ আমাদের পাহাড়ি বনের আবাসিক পাখি। একসময় গহিন বনে নিয়মিতই দেখা যেত। কিন্তু শিকারিরাই পাখিটির টিকে থাকা কঠিন করে তুলেছে। এখন রাজধনেশ খুব বেশি টিকে নেই। আরেকটি ধনেশ পাকড়া ধনেশ। পাহাড়ে গেলে এখনো এর দেখা পাওয়া যায়, তবে এদের টিকে থাকতেও ভালো বন দরকার। চতুর্থ প্রজাতি দেশি মেটে ধনেশ আমাদের দেশে কালেভদ্রে দেখা যায়।
পাহাড়ি বনের রাজা হলো এই ধনেশ পাখিরা। অথচ এই পাখিরাই এখন আর টিকে থাকতে পারছে না। রাজধনেশ রক্ষায় এখনই সংরক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি। রাজার মতোই রাজধনেশ রাজত্ব করুক—এই আশা আমাদের সবার।