আবহাওয়া
শীতে বইছে ‘বসন্তের বাতাস’
জানুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস। এবার ১৮ থেকে ২০ ডিগ্রি।
মাঘের ‘বাঘ পালানো’ শীত বিদায় নিয়েছে, সে–ও সপ্তাহখানেক আগেই। জানুয়ারিতেই বইতে শুরু করে বসন্তের বাতাস। মার্চের মতো খানিক উষ্ণ আর খানিক হালকা হিমেল বাতাস ইতিমধ্যে দেশের বেশির ভাগ এলাকায় বইতে শুরু করেছে। দেশের কোথাও কোথাও তো রীতিমতো গ্রীষ্মের কাছাকাছি উত্তাপের আঁচ পাওয়া যাচ্ছে।
আবহাওয়াবিদেরা বলছেন, আপাতত দেশে আর তেমন তীব্র শীত নামার সম্ভাবনা নেই। জানুয়ারি মাসের বাকি সময় ও ফেব্রুয়ারিজুড়ে কোথাও কোথাও হালকা শীত ও বাকি এলাকায় বসন্তের হালকা ঠান্ডা বাতাস বইবে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস। অথচ জানুয়ারিতে দেশের বেশির ভাগ এলাকার গড় সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ২২ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু গতকাল দেশের বেশির ভাগ এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। সাধারণত দেশে গ্রীষ্মকাল এগিয়ে এলে, অর্থাৎ মার্চের শুরুতে এমন তাপমাত্রা থাকে।
আপাতত দেশে শৈত্যপ্রবাহ আসার তেমন সম্ভাবনা নেই। তবে আগামী দু–এক দিন পরে তাপমাত্রা কমে আবার তা বাড়তে পারে।
অধিদপ্তরের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, আগামী দু–এক দিন এ ধরনের আবহাওয়া থাকবে। তারপর আবারও দুই-তিন দিন ধরে তাপমাত্রা সামান্য কমবে। তারপর আবারও বাড়বে। আপাতত তীব্র তো দূরে থাক, মাঝারি শীত নামার সম্ভাবনাও দেখছেন না আবহাওয়াবিদেরা। দেশের হাতে গোনা কয়েকটি এলাকা ছাড়া আর কোথাও শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই।
যেমন যশোরের কথাই ধরা যাক। ওই জেলায় এই ৮ থেকে ১০ দিন আগেও টানা শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গতকাল ওই জেলার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল। মানে একেবারে গ্রীষ্মের মতো গরম পড়ছে সেখানে। ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় প্রতিদিন ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে। গতকাল শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আপাতত দেশে শৈত্যপ্রবাহ আসার তেমন সম্ভাবনা নেই। তবে আগামী দু–এক দিন পরে তাপমাত্রা কমে আবার তা বাড়তে পারে। ফেব্রুয়ারি মাসজুড়েও একই ধরনের তাপমাত্রা থাকার সম্ভাবনা বেশি।
এদিকে তাপমাত্রা বেড়ে যাওয়ায় দেশের বেশির ভাগ এলাকায় বিশেষ করে দিনে হালকা গরম অনুভূত হচ্ছে। রাজধানীসহ বেশ কিছু এলাকায় দিনে তো বটেই, রাতেও বৈদ্যুতিক পাখা ব্যবহার শুরু হয়েছে। তবে শীতের খানিক চিহ্ন হিসেবে দেশের নদীতীরবর্তী এলাকাগুলোয় কুয়াশা থাকছে। আগামী কয়েক দিন তা অব্যাহত থাকতে পারে।
গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর শ্রীমঙ্গলে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। দেশের বাকি এলাকাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল।