রাজধানীতে বৃষ্টি, আগামীকালও আছে সম্ভাবনা
রাজধানীতে আজ রোববার সকাল থেকেই প্রচণ্ড গরম ছিল। বিকেলের বৃষ্টি সেই তাপ কিছুটা কমিয়েছে। তবে এখন দেখা যাচ্ছে, বৃষ্টির কিছু পরেই আবার গরম বাড়ছে। মৌসুমি বায়ু দেশে প্রবেশ করলেও এটি এখনো সক্রিয় নয়। এখন দেশের মধ্যে পশ্চিমা লঘুচাপের প্রভাব আছে। আর এর ফলেই বৃষ্টি হচ্ছে বিচ্ছিন্নভাবে। আগামীকালও দেশের তিন বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল আবারও বৃষ্টি হতে পারে রাজধানীতে।
আজ রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপরই বেশি তাপ ছিল দক্ষিণ–পশ্চিমাঞ্চলের জেলা যশোরে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীর তাপমাত্রা গতকালের চেয়ে আজ খানিকটা কম থাকলেও গরমের অনুভূতি ছিল গতকালের মতোই। তবে বিকেলের বৃষ্টি সেই তাপ অনেকটাই কমিয়ে দেয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক প্রথম আলোকে বলেন, রাজধানীর বৃষ্টি দিনের তাপ বেশ খানিকটা কমিয়েছে। আগামীকালও রাজধানীতে বৃষ্টি হতে পারে।
আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। পরের দিনও তা অব্যাহত থাকতে পারে। তবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আবার কমে যেতে পারে বলে জানান ওমর ফারুক।
অধিদপ্তর সূত্র জানায়, মৌসুমি বায়ু এখনো তেমন সক্রিয় নয়। অথচ মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে এ বায়ু প্রবেশ করেছে বাংলাদেশ। তারপরও এর বিস্তার কম হওয়ার কারণ প্রসঙ্গে উমর ফারুক বলেন, মৌসুমি বায়ুর বিস্তার ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারে গিয়ে স্থবির হয়ে গেছে। এটা আটকে আছে বলা যায়। এর বিস্তার না ঘটলে বৃষ্টির পরিমাণ বাড়বে না।
আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।