সমুদ্রবন্দরগুলোয় সতর্কসংকেত, ঢাকাসহ ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছে, আজ মঙ্গলবার ঢাকাসহ চার বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। রাজধানীর আকাশ সকাল থেকেই মেঘলা। বৃষ্টি হয়েছে অনেকটা। আবহাওয়া অফিস বলছে, রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে পারে।
গত রোববার থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। আজও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আকাশে গভীর মেঘ দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আজ প্রথম আলোকে বলেন, গভীর সঞ্চারণশীল মেঘ দেখা দিয়েছে। এর ফলে বায়ুচাপের তারতম্যের জন্যই সমুদ্রবন্দরগুলোয় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বন্দরগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা।
রোববারের আগে টানা এক সপ্তাহ রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় তাপপ্রবাহ বয়ে যায়। জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে। দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং এই কষ্ট আরও বাড়িয়ে দেয়। তবে রোববারের বৃষ্টির পর থেকে তাপপ্রবাহ কমে আসতে শুরু করে। রোববার ৪১ মিলিমিটার বৃষ্টি হয়।
আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের দিনের পূর্বাভাসে বলা হয়েছে।
বৃষ্টি ৪৪ থেকে ৮৮ কিলোমিটার হলে তাকে ভারী বৃষ্টি আর ৮৮ মিলিমিটারের বেশি হলে তাকে অতিভারী বৃষ্টি বলা হয়।
আজ সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময়ও বৃষ্টি হচ্ছিল।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রাতে রাজধানীতে ৮ এবং সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।