ভারতে হতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশে বৃষ্টি হতে পারে মঙ্গলবার

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরফাইল ছবি

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়টির সম্ভাব্য লক্ষ্যস্থল ভারতের অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু উপকূল। তবে এর প্রভাবে আগামী মঙ্গলবার দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি নাও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা বলছেন, এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি নেই। গত ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণাধীন ৫১টি স্টেশনের কোনোটিতেই বৃষ্টি রেকর্ড করা হয়নি।

আবহাওয়াবিদেরা বলছেন, গত কয়েক দিনে বঙ্গোপসাগরে একের পর এক লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি পশ্চিমা বায়ুর প্রভাব বেশি থাকায় বাতাস সাগরমুখী হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশে বৃষ্টির সম্ভাবনা কমে যায়।

তবে এবারের লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা বেশি বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

আজ শুক্রবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, লঘুচাপটি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর সম্ভাব্য লক্ষ্যস্থল ভারতের অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু উপকূল। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হতে পারে ‘অর্ণব’।

ওমর ফারুক বলেন, আগামী সোমবার ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। তবে বাংলাদেশে এর প্রভাব খুব বেশি অনুভূত হওয়ার আশঙ্কা নেই। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রাজধানীতে বৃষ্টি হতে পারে মঙ্গলবারের দিকে।

এদিকে দেশে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বাড়ছে। দিনের বেলায় গরম থাকলেও রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমে আসছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৮ ডিগ্রি সেলসিয়াস। অথচ একই দিন তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের সন্দ্বীপে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে রাতের তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।