বায়ুদূষণে ঢাকার অবস্থান ৩২তম
বায়ুদূষণে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বের ১০৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ৩২তম। বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ৬৭। বাতাসের এ মান মাঝারি বা গ্রহণযোগ্য হিসেবে গণ্য করা হয়।
আজ একই সময় বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের শিকাগো। শহরটির স্কোর ১৮১। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। শহর দুটির স্কোর যথাক্রমে ১৭০ ও ১৬৮।
আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
একিউআই ইনডেক্সে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।