ছুটির দিনে ভয়াবহ বায়ুদূষণ ঢাকায়

বায়ুদূষণফাইল ছবি: প্রথম আলো

রোদ আছে, তবু সকাল থেকেই রাজধানীর আকাশে যেন ধুলোর পর্দা ছড়িয়ে আছে। আজ শুক্রবার স্বাভাবিকভাবে রাজধানীতে যানবাহন কম চলছে। বেশির ভাগ কলকারখানাও বন্ধ। এ শহরের দূষণের বড় উৎস এগুলো। তারপরও আজ ঢাকার বায়ুদূষণ গতকাল বৃহস্পতিবারের চেয়ে অনেক বেশি।

আজ সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বের ১২০টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। বায়ুর মান ছিল ৩৩০। গতকাল প্রায় এ সময় ১২৪টি নগরীর মধ্যে বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা। সার্বিক বায়ুর মান ছিল ২৯৮।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

যখন কোনো এলাকার বায়ুমান ৩০০ পার হয়, তখনই সে এলাকায় ‘দুর্যোগপূর্ণ’ পরিস্থিতি আছে বলে ধরা হয়। বায়ুদূষণের সর্বোচ্চ স্তর এটি। আজ রাজধানীর আটটি এলাকায় বায়ুর মান ৩০০ ছাড়িয়ে গেছে। এসব এলাকায় যেতে বা যাঁরা এসব এলাকায় থাকছেন, তাঁদের অবশ্যই মাস্ক পরাসহ কিছু নিয়ম মেনে চলতে হবে। পুরো নগরীর বায়ুই আজ ‘খুব অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ বায়ুদূষণে শীর্ষে আছে পাকিস্তানের শহর লাহোর, বায়ুর মান ৪১৮।

ঢাকার বায়ুদূষণ ভয়াবহ আকারে বাড়ছে। গত ফেব্রুয়ারি মাসের প্রায় পুরো সময় ঢাকা বায়ুদূষণে শীর্ষে ছিল। এ মাসেও এর ব্যত্যয় হচ্ছে না। এরই মধ্যে গত সোমবার নগরীতে বৃষ্টি হয়ে গেল। ১১৪ দিন পর বৃষ্টি হলো ঢাকায়। যদিও পরিমাণ খুব কম, মাত্র ৩ মিলিমিটার। সাধারণত বৃষ্টি হলে বায়ুর মান উন্নত হয়। কিন্তু দেখা গেল কোনো উন্নতি হয়নি। বৃষ্টির পরপরই বিশ্বের নগরীগুলোর মধ্যে দূষণে শীর্ষে ছিল ঢাকা।

বায়ুদূষণে ২০১৯ সালে দেশে প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে। এতে মোট দেশজ উৎপাদনের ক্ষতি প্রায় ৮ শতাংশ বলেও জানিয়েছে সংস্থাটি।

আজকের ভয়ানক দূষিত এলাকাগুলো

আজ বায়ুদূষণে শীর্ষে আছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি। এ এলাকার বায়ুমান ৫৪৯। এরপর যথাক্রমে আছে গুলশান লেক পার্ক (৫১৯), ইস্টার্ন হাউজিং (৪৫১), দক্ষিণ পল্লবী (৪৪১), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (৩৮৬), বারিধারা পার্ক রোর্ড (৩৪৯), গুলশানের বে’জ এইজ ওয়াটার (৩৪০) এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (৩২০)।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।