বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিচিকিৎসা (ডিভিএম) দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের বন্য প্রাণী ব্যবস্থাপনা কোর্সের অংশ হিসেবে ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সফরে এসেছি। সদ্য কেনা এসএলআর ক্যামেরাটি সঙ্গেই রয়েছে। চিড়িয়াখানায় ঢোকার পর একটু এগোলেই বানরের বড় খাঁচাটি। সেটির পাশেই রয়েছে একটি পক্ষিশালা (অ্যাভিয়ারি), যেখানে মূলত জলচর পাখি, যেমন পানকৌড়ি, বক, কালেম, কানঠুঁটি (ফ্ল্যামিঙ্গো), গঙ্গাকৈতর ইত্যাদি রাখা হয়েছে। বক, ছোট পানকৌড়ি, কালেম, অর্থাৎ এ দেশের আবাসিক পাখিগুলো নিয়মিতই ওখানে ডিম-ছানাও তুলছে।
এই জলচর পাখিদের পক্ষিশালার সামনে দিয়ে যাওয়ার সময় খাঁচার পাশের উঁচু গাছের ওপর থেকে চুনের মতো সাদা কিছু একটা আমার মাথা ও হাত বেয়ে ক্যামেরার ওপর এসে পড়ল। বুঝতে বাকি রইল না এগুলো কী? নতুন ক্যামেরায় এমন একটা বাজে জিনিস পড়ায় মনটাই খারাপ হয়ে গেল। ওপর দিকে তাকালাম। চোখ ছানাবড়া হয়ে গেল! গাছভর্তি সদ্য বিষ্ঠাত্যাগী পাখিদের বাসা! মুহূর্তেই ক্যামেরা পরিষ্কার করে ওপরের দিকে তাক করলাম। বাসা, ছানা, বড় পাখি—সবই আছে। বেশ খানিকটা ধৈর্য ধরে ছবিগুলো তুললাম। ২০১৩ সালের ঘটনা এটি।
দুই বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে একই চিত্র দেখলাম। ২০১৮ সালে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে বউলাই নদের পাড়ে করচগাছের ওপর ওদের বিশাল কলোনির দেখা পেলাম। একই বছর আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের সামনে পাশাপাশি আম, বট ও আকাশমণিগাছে ওদের ডিম-ছানাসহ কলোনি বাসার সন্ধান পেলাম। এ বছরের ফেব্রুয়ারিতে ওদের একটিকে দেখলাম সুন্দরবনে। গত মাসে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ‘মেডিকেল বোর্ড’-এর সদস্য হিসেবে সভায় যোগ দিতে গিয়ে আবারও পক্ষিশালার পাশের উঁচু গাছগুলোতে সেই পাখিগুলোকে দেখলাম।
এতক্ষণ যে পাখিগুলোর কথা বললাম, ওরা এ দেশের সচরাচর দৃশ্যমান আবাসিক পাখি ওয়াক। নিশিবক, রাইতাবক, বিল বাচকো, শরৎ পাখি বা বাজকা (পশ্চিমবঙ্গ) নামেও পরিচিত। তবে পাখিটির এতগুলো নামের মধ্যে শরৎ পাখি নামটিই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যদিও এই নামের উৎস জানতে পারিনি। পাখিটির ইংরেজি নাম ব্ল্যাক-ক্রাউন্ড নাইট হিরন বা নাইট হিরন। আরডেইডি গোত্রের শরৎ পাখির বৈজ্ঞানিক নাম Nycticorax nycticorax। বাংলাদেশ ছাড়াও এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে ওদের বিস্তৃতি রয়েছে।
প্রাপ্তবয়স্ক শরৎ পাখির দেহের দৈর্ঘ্য ৫৬ থেকে ৬৫ সেন্টিমিটার, প্রসারিত অবস্থায় ডানার দৈর্ঘ্য ১০৫ থেকে ১১২ সেন্টিমিটার এবং ওজন ৫০০ থেকে ৮০০ গ্রাম। মাথার তালু ও পিঠ নীলচে-কালো। প্রজননকালে মাথার তালু থেকে কয়েকটি সাদা সুতোপালক বের হয়ে ঝুলে থাকে। চিবুক, গলা ও বুক সাদা। ডানার উপরিভাগ ও লেজ ছাই-ধূসর। চোখ টকটকে লাল বা হলুদ। চোখের ওপরে সাদা টান থাকে। পা, পায়ের পাতা ও আঙুল অনুজ্জ্বল সবুজ, যা প্রজননকালে গোলাপি-লাল রং ধারণ করে। চঞ্চু কালো ও গোড়া সবুজাভ-হলুদ। স্ত্রী ও পুরুষ দেখতে একই রকম। অপ্রাপ্তবয়স্ক পাখির দেহ বাদামি দাগে ভরা ও ডানার ওপর থাকে অসংখ্য সাদা ফোঁটা।
দেশজুড়ে হাওর, নদী, জলাভূমি, এমনকি শহরের মধ্যেও শরৎ পাখি বিচরণ করতে পারে। সচরাচর ছোট বা মাঝারি দলে দেখা যায়। নিশাচর বকগুলো দিনের বেলায় দল বেঁধে গাছে ঘুমায় ও রাতে খাদ্যের সন্ধানে বের হয়। অগভীর পানিতে দাঁড়িয়ে থেকে কিংবা আস্তে আস্তে হেঁটে মাছ, ব্যাঙ ও জলজ অমেরুদণ্ডী প্রাণী ধরে খায়। উচ্চ স্বরে বারবার ‘কোয়াক, কোয়াক, কোয়াক...’ শব্দে ডাকে।
এপ্রিল থেকে জুলাই প্রজননকাল। এ সময় গাছের শাখায় বক ও অন্যান্য জলচর পাখির মিশ্র দলে বাসা বানায়। তবে মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও টাঙ্গুয়ার হাওরের করচগাছে ওদের সব সময়ই একক কলোনি বাসায় দেখেছি, কখনো মিশ্র পাখির কলোনিতে দেখিনি। বাসা তৈরিতে ওরা মূলত শুকনা ও সরু ডালপালা, শিকড় ও ঘাস ব্যবহার করে।
ডিম পাড়ে ৩ থেকে ৫টি, রং নীলচে-সবুজ, যা ২০ থেকে ২৩ দিনে ফোটে। বাসা বানানো, ডিমে তা দেওয়া ও ছানা লালন–পালনের কাজ স্ত্রী-পুরুষ উভয়েই মিলেমিশে সম্পন্ন করে। ছানারা ছয় থেকে সাত সপ্তাহে উড়তে শেখে, তবে এরপরও মা–বাবার কাছ থেকে খাবার খায়। মা–বাবা দলের অন্য ছানাদেরও খাইয়ে দেয়। আয়ুষ্কাল ৮ থেকে ৯ বছর।
আ ন ম আমিনুর রহমান, পাখি ও বন্য প্রাণী প্রজনন ও চিকিৎসাবিশেষজ্ঞ