বৃষ্টির সুফল রাজধানীর বাতাসে
রাজধানীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর বৃষ্টি হয়েছিল। এর সুফল আজ বুধবার সকালের ঢাকার বাতাসে মিলেছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে আবার ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয় নগরজুড়ে। এরপর দেখা গেছে, বাতাসের মান আরও ভালো হয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে বায়ুদূষণের নিরিখে বিশ্বের ১০২টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান ছিল ২৬। আর এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৭২। এ স্কোর মাঝারি মানের বা মোটামুটি ভালো মানের।
আজ সকাল ৯টার দিকে বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল সপ্তম। আর একিউআই স্কোর ছিল ১১০। এ ধরনের বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
আজ দুপুর সোয়া ১২টায় বিশ্বের ১০২টি শহরের মধ্যে বায়ুদূষণে প্রথম অবস্থানে আছে চীনের শহর চেংডু। শহরটির স্কোর ১৬২।
দ্বিতীয় অবস্থানে আছে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৩৪। তৃতীয় ও চতুর্থ অবস্থানে ভারতের দিল্লি ও ঘানার আক্রা। শহর দুটির স্কোর যথাক্রমে ১৩৪ ও ১২৭।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার। তারা দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
একিউআই ইনডেক্সে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর-শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। আর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছেন নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
ঢাকার জন্য বায়ুদূষণ বড় একটি সমস্যা। এ জন্য মোটাদাগে তিনটি কারণ চিহ্নিত করা হয়। এগুলো হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা। পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে এই তিন কারণের কথা বলা হয়েছে।
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি—বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।