বৃষ্টির পরও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, ৮ এলাকায় দূষণ বেশি
এখন বৃষ্টিতেও কমছে না ঢাকার বায়ুদূষণ। পরপর দুই দিন বৃষ্টি হওয়ার পরও আজ মঙ্গলবার সকালে বায়ুদূষণে বিশ্বের ১২২ নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ।
আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৫৬। বায়ুর এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। রাজধানীর আট স্থানের বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ।
বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। আজ বাতাসের এ দূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ার বেশ কিছু পরামর্শ দিয়েছে।
গতকাল সোমবার রাজধানীতে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়। তাতে গরম কমে, কিন্তু বায়ুদূষণ কমেনি।
আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো
আজ নগরীর আট এলাকার বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে বেচারাম দেউড়ী। এ এলাকার বায়ুমান ২০৮। বায়ুর মান ২০০–এর বেশি হলেই তাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এরপর দূষণের তালিকায় আছে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৯১), গুলশান লেক পার্ক (১৬৪), আগারগাঁও (১৬১), বারিধারা পার্ক রোড (১৬১), বারিধারা লেক সাইড (১৫৭), গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৫৫) এবং দক্ষিণ পল্লবী (১৫৩)।
সাধারণত এপ্রিল মাসের পর থেকেই ঢাকার বাতাসের মান ভালো হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুতই বাতাসের মান ভালো হয়। এপ্রিল পেরিয়ে মে মাস এসে গেল, কিন্তু বাতাসের মান ততটা উন্নত হচ্ছে না।
সুরক্ষায় নগরবাসী যা করবেন
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।