রাজধানীতে রাতভর বৃষ্টি, আকাশ কেমন থাকতে পারে, জানাল আবহাওয়া অফিস
গতকাল বুধবার রাত আটটার দিকেই আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তা দিয়েছিল, পরের ১২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী আর বৃষ্টি হবে। রাত দশটার পর থেকেই রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ প্রতিবেদন লেখার সময় হালকা রোদ ওঠে। পরে আবার তা মিলিয়ে যায়। আবহাওয়া অধিদপ্তর বলেছে, মেঘের আরেকটি খণ্ড রাজধানীর আশপাশে আছে। আকাশে আবার মেঘ জমতে পারে। হতে পারে বৃষ্টিও।
হঠাৎ বৃষ্টিতে সকালে রাজধানীর অফিসগামী মানুষ অসুবিধায় পড়েছেন। অনেকেই ছাতা নিয়ে বের হয়েছেন। রাস্তায় যানজটও কিছুটা বেশি। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও বৃষ্টিতে অসুবিধায় পড়ে।
আবহাওয়া অফিস বলেছে, গতকাল সন্ধ্যার পর থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত কী পরিমাণ বৃষ্টি হয়েছে, তার হিসাব এখনো পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ সকালে প্রথম আলোকে বলেন, রাজধানী শুধু নয়, দেশের প্রায় সর্বত্রই বৃষ্টি হয়েছে। আর আজ সকাল থেকেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হচ্ছে। এ অঞ্চলে বৃষ্টি হতে পারে দিনের বিভিন্ন সময়। এসব অঞ্চলে শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে।
গত ১২ ঘণ্টায় চুয়ডাঙ্গায় ৪৬ মিলিমিটার, যশোরে ২৭, নিলফামারীর ডিমলায় ৩১, গোপালগঞ্জে ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ বলেন, রাজধানীর কাছাকাছি মেঘের একটি সেল আছে। দুপুর ১২টার পর আবারও আকাশ মেঘলা হয়ে উঠতে পারে। আংশিক মেঘলা থাকতে পারে রাজধানীর বিভিন্ন এলাকা।