গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়টি ‘আকভান’, মেঘলা আকাশ থেকে বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড়প্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘আকভান’। এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশসহ ভারতের কয়েকটি রাজ্যের আকাশে মেঘের বলয় তৈরি হয়েছে। এর প্রভাবে দেশের আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আজ আকাশে যে মেঘ দেখা যাচ্ছে, তা মূলত ঘূর্ণিঝড় আকভানের কারণে। বঙ্গোপসাগর তো বটেই, বাংলাদেশসহ ভারতের অন্ধ্র প্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গের আকাশেও মেঘের এমন বলয় রয়েছে।’

ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড়টি আগামী শুক্রবার ভারতের উপকূল অতিক্রম করতে পারে। এটি ওডিশা উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আকভান গতকাল সোমবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।

ঘূর্ণিঝড়টি একই এলাকায় কার্যত স্থির ছিল। এটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ২০ নভেম্বর সন্ধ্যা নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

মেঘের বলয়ে আটকে দূষণের উপাদান

ঘূর্ণিঝড়ের প্রভাবে তৈরি হওয়া মেঘের বলয়ের কারণে ঢাকার বায়ুদূষণ পরিস্থিতিতেও প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

ওমর ফারুক বলেন, ‘মেঘের এই বলয়ের কারণে দূষণ বেড়েছে। মেঘের বলয় যেখানে রয়েছে, সেখানেই দূষণের উপাদানও রয়েছে। বায়ুর দূষিত উপাদানগুলো মেঘের মধ্যে আটকে পড়েছে। এ কারণে চারপাশ ঘোলাটে দেখাচ্ছে।’

ওমর ফারুক আরও বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে তৈরি হওয়া মেঘের বিস্তৃতি শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, প্রতিবেশী ভারতের কয়েকটি রাজ্যেও এর প্রভাব রয়েছে।

বৃষ্টির সম্ভাবনা

ঘূর্ণিঝড় আকভানের সম্ভাব্য লক্ষ্যস্থল ভারতের ওডিশা রাজ্যের উপকূল। এর প্রভাব এবার বাংলাদেশে পড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে আজই বৃষ্টি হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি বলেন, আগামীকাল দেশের দক্ষিণের উপকূলে কিছুটা বৃষ্টি হতে পারে। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।