কুয়াশা, শীত আরও বাড়তে পারে
সারা দেশে আজ সোমবার থেকে শীতের অনুভূতি বাড়তে পারে। একই সঙ্গে আজ থেকে রাতের তাপমাত্রাও সামান্য কমে আসবে। আগামী কয়েক দিন তাপমাত্রা হ্রাসের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এমনটিই বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গতকাল রোববার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বায়ুর চাপ বেশি হলে হিমালয়ের পাদদেশ থেকে শীতল বাতাস দেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং তাপমাত্রা কমে যায়। এ ছাড়া আরও কয়েকটি কারণে আজ থেকে তাপমাত্রা কমতে পারে। মাঝেমধ্যে ঊর্ধ্বাকাশের ঠান্ডা বাতাস নিচের দিকে নেমে আসে। তখন তাপমাত্রা কমে যায়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে কুয়াশার দাপটও একটু বেড়ে যেতে পারে। কুয়াশা বেশি থাকলে তা ভেদ করে সূর্যের আলো পৃথিবীকে উত্তপ্ত করতে পারে না। এতে তাপমাত্রা কমে যায় এবং শীতের অনুভূতি বাড়তে থাকে।
আবহাওয়াবিদেরা বলছেন, সাধারণত কোনো একটি অঞ্চলের তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে আবহাওয়ার ভাষায় সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তবে ওই তাপমাত্রা দু–তিন দিন স্থায়ী হতে হয়। একইভাবে তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে সেটি মাঝারি শৈত্যপ্রবাহ। চলতি জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে দেশে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ইতিমধ্যে উত্তরাঞ্চলের কিছু এলাকায় একটি শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ১১ ডিগ্রির আশপাশে তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ দশমিক ২ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১১ ডিগ্রি ও সৈয়দপুরে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশে ছিল গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, পাবনা, নওগাঁ, রংপুর, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গায়।
দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে ছিল। এর মধ্যে ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
দেশে জানুয়ারি মাসের স্বাভাবিক তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এবার তাপমাত্রাও একটু বেশি বলে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাংলাদেশের তাপমাত্রার ঊর্ধ্বগতি আছে কি না, সেটি পর্যবেক্ষণে রাখছে আবহাওয়ার গতি–প্রকৃতি নিয়ে গবেষণা করা আন্তর্জাতিক সংস্থাগুলো। বাংলাদেশেও বিষয়টি নিয়ে কাজ করছেন আবহাওয়াবিদেরা।
২০১৭, ২০১৯ ও ২০২১ সালে দেশের উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহ কখনো ৭ দিন, কখনো ১৩ দিন ছিল। কখনো তা টানা ২৩ দিন পর্যন্ত দেখা গেছে। তবে এবার তা হওয়ার আশঙ্কা নেই বলেও জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।