শৈত্যপ্রবাহের কবলে দেশের ২৩ জেলা
দেশের ২৩ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে এখন মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়েও শৈত্যপ্রবাহ বইছে। এই দুই বিভাগে জেলার সংখ্যা ১৬। সে হিসাবে, এখন দেশের ২৩টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
রাজধানী ঢাকায় আজ রোববার কুয়াশা গত চার দিনের তুলনায় কম। আজ রাজধানীসহ দেশের কিছু এলাকায় দুপুরের পর রোদ উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তারা বলছে, কুয়াশার দাপট কমতে আরও অন্তত দুই দিন অপেক্ষা করতে হবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজুলর রশীদ আজ প্রথম আলোকে বলেন, ‘এমন ঘন কুয়াশা আরও দুই দিন থাকতে পারে। তারপর কুয়াশা কেটে যেতে পারে।’
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এটি দেশের কোথাও কোথাও আগামীকাল দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার কারণে সারা দেশে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায়, ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে এখন মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় তাপমাত্রা গতকালের তুলনায় বেড়েছে। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল।