প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে কিছু পাখি দেখতে পাওয়া যায়, যেগুলোর স্বভাব ও বৈশিষ্ট্য ওই দ্বীপের প্রকৃতির ধরনের ওপর ভিত্তি করেই অভিযোজিত হয়েছে। সময়ের প্রয়োজনে বিবর্তিত হয়ে তাদের দেহের বাহ্যিক পরিবর্তন হয়েছে। অনেক পাখি আছে যারা কোনো নির্দিষ্ট বসতির ওপর নির্ভর করেই টিকে থাকে, হতে পারে এটা খাবারের জন্য কিংবা প্রজননের জন্য।
২০১৪ সালে পদ্মার চরে পাখি দেখতে গিয়ে একটি পাখির ডাক শুনি। সময়টা ছিল জুলাই মাসের দুপুরবেলা। ছানাগুলো নিয়ে পাখিটা ঘাসবনে লুকিয়ে ছিল। মাঝেমধ্যে বেসুরো গলায় ডাকছিল। কোনোভাবেই এটা দাগি ঘাসপাখির (স্ট্রেটেট গ্রাসবার্ড) ডাক নয় এবং পাখিটির বাহ্যিক বৈশিষ্ট্য একটু আলাদা। তখন মনে হয়েছিল, এটি শতদাগি ঘাসপাখি (ব্রিসেল গ্রাসবার্ড) হতে পারে।
তারপর আরও কয়েক বছর কেটে যায়। ২০১৬ সালে শতদাগি ঘাসপাখি নিয়ে একটি গবেষণা শুরু হয় পদ্মা ও যমুনা নদীর অববাহিকার ঘাসবনে, অরিয়েন্টাল বার্ড ক্লাবের অর্থায়নে। সৌভাগ্যক্রমে সে গবেষণা দলে কাজ করার সুযোগ হয়েছিল একজন স্বেচ্ছাসেবী গবেষণা সহকারী হিসেবে, সায়েম ইউ চৌধুরীর দলে। যেহেতু পাখিটি ঘাসবনের, যে কারণে চরের ঘাস ও অন্যান্য উদ্ভিদের সঙ্গে পাখিটির সম্পর্ক, বাসস্থান উপযুক্ততা এবং কী কী উদ্ভিদ প্রজাতি পাখিটির জন্য বেশি প্রয়োজন, একজন বোটানিস্ট হিসেবে তা পর্যবেক্ষণ করার দায়িত্ব ছিল আমার ওপর।
মাঠ গবেষণার সময় সেই বহুকাঙ্ক্ষিত পাখিটি ভালোভাবে দেখার সুযোগ হয়। পাখিটি দীর্ঘ সময় ঘাসের ওপর বসে থাকে এবং প্রজনন মৌসুমে ডাকাডাকি করে। চরের কাশঘাসই তাদের প্রধান ও পছন্দের বিচরণ উদ্ভিদ। তা ছাড়া মাঝেমধ্যে কয়েক প্রজাতির গুল্মজাতীয় উদ্ভিদে এই পাখি বিচরণ করে। সম্প্রতি প্রকাশিত সেই গবেষণা নিবন্ধেও বিষয়টি তুলে ধরা হয়েছে।
ব্রিসেল গ্রাসবার্ড স্বল্প পরিচিত ঘাসবনের পাখি। এটি বিশ্বব্যাপী একটি বিপন্ন প্রজাতির পাখিও বটে। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পরিচালিত ওই গবেষণা নিবন্ধে বলা হয়েছে, পদ্মা ও যমুনার চর মিলিয়ে মোট ৩৯টি শতদাগি ঘাসপাখি দেখা গেছে। এগুলো প্রধানত তৃণভূমিতেই বিচরণ করে। ঘাসের ঘনত্ব ও উচ্চতা এগুলোর বিচরণের জন্য প্রভাবক হিসেবে কাজ করে।
গবেষণামতে, প্রতি এক বর্গকিলোমিটারে চারটি পাখি এবং পুরো গবেষণা এলাকায় প্রায় ৩৪১টি পাখি থাকতে পারে। তবে গবেষণা মডেল পুরো পদ্মা ও যমুনা নদীর তৃণভূমিতে গড়ে ৭৫৬টি পাখি বিচরণ করতে পারে, এমন ধারণা দেয়। দুই নদীর চর এলাকার ৫১টি স্থানের ১০টি জায়গায় নিয়মিতভাবে গবেষণাকাজ করা হয়েছিল। গবেষণামতে, চর এলাকায় মানুষের কর্মকাণ্ড, যেমন কৃষি, ঘাস কাটা, পশুচারণ ও ঘাসবনে আগুন দেওয়া—এসব পাখিটির বসবাসের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। তবে শনাক্তকরণের হার রৈখিকভাবে হ্রাস পেয়েছে ক্রমবর্ধমান কৃষির হস্তক্ষেপের সঙ্গে।
শতদাগি ঘাসপাখির প্রজনন মৌসুম শুরু হয় এপ্রিল মাসে। পুরুষ পাখি ডাকাডাকি ও ঘাসবনের ওপর চক্কর দিয়ে স্ত্রী পাখিকে আকর্ষণ করার চেষ্টা করে। জোড়া বেঁধে ঘাসবনে বাসা বাঁধে। বাসা শুকনা ঘাসের উপাদান দিয়ে তৈরি করা হয়। বাসায় একটি ছোট প্রবেশদ্বার থাকে। ভূমি থেকে এক মিটার উচ্চতায় বাসা বানায় সাধারণত। যেহেতু বাংলাদেশের চর এলাকার ঘাসবন এ পাখির প্রজনন ও বিচরণভূমি, সে কারণে এ প্রজাতি টিকিয়ে রাখতে ঘাসবন সংরক্ষণ এবং কিছু ঘাসবনকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা দরকার বলে মনে করি।
লেখক, প্রকৃতিবিষয়ক লেখক ও পরিবেশবিদ, জার্মান অ্যারোস্পেস সেন্টার