ঢাকাসহ ৫ বিভাগের দু–এক স্থানে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরছবি: অধিদপ্তরের ফেসবুক থেকে নেওয়া

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি দুর্বল হয়ে গেছে অবশ্য। আর আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ মঙ্গলবার ঢাকা বিভাগসহ পাঁচ বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তবে এর পরিমাণ সামান্য হতে পারে। আগামীকাল বুধবার অনেক স্থানে আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা কম।

আজ ইতিমধ্যেই সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ–পশ্চিমের কয়েকটা জেলায় সামান্য বৃষ্টি হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। এ ছাড়া চুয়াডাঙ্গা ও পাবনার ঈশ্বরদীর কোনো কোনো স্থানে সামান্য বৃষ্টি হয়েছে।

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, বরিশাল বিভাগের দু–এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির আজ প্রথম আলোকে বলেন, আজ পাঁচ বিভাগে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম।

এ বৃষ্টি লঘুচাপের কারণে নয় বলে জানান তরিফুল নেওয়াজ কবির। তিনি বলেন, হঠাৎ আসা মেঘের কারণে এ বৃষ্টি। বছরের এ সময় এমন হয়।