বিপন্ন প্রাণীর বন্ধু তিনি
পাশাপাশি বসে খাচ্ছে তিনটি লক্ষ্মীপ্যাঁচা। একবার চোখ মেলে তাকায়, আবার ঘুম ঘুম ভাব। মুখে তুলে না দিলে যেন খাবে না! ঠিক আদরের সন্তানের মতো প্যাঁচাগুলোর মুখে খাবার তুলে দিচ্ছিলেন সালাহ উদ্দিন। বিপন্ন অবস্থায় প্যাঁচাগুলোকে উদ্ধার করেছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হলেই তাদের মুক্ত করে দেবেন।
এর আগেও ১২টি বিপন্ন প্যাঁচা উদ্ধার করে সালাহ উদ্দিন প্রকৃতিতে ছেড়ে দিয়েছেন। শুধু প্যাঁচা নয়, প্রায় ৫০টি বিপন্ন পাখি, ২০০টি কুকুর, ২৫০টি বিড়াল, ১৫০টি সাপ উদ্ধারের পরে শুশ্রূষা দিয়ে ছেড়ে দিয়েছেন তিনি।
সালাহ উদ্দিনের ডাকনাম নীল। বয়স ৩৭। চাকরি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষণাগারে। বাড়ি রাজশাহীর পবা উপজেলার সমসাদীপুর এলাকায়। ভয়াবহ দারিদ্র্যের সঙ্গে লড়াই করে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। এর আগে চাকরি করেছেন ঢাকায় আইসিডিডিআরবি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ও ব্র্যাকের প্রধান কার্যালয়ে। ২০১৭ সালে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
এ কাজ করতে গিয়ে বিভিন্ন সময় মধুর যন্ত্রণায় পড়তে হয়েছে সালাহ উদ্দিনকে। যেদিন বিয়ে করতে যাবেন, সেদিন তাঁর বাড়িতে ছিল ২৪টি বিড়াল ও ২০০টি সুইচ অ্যালবিনো জাতের ইঁদুর। স্ত্রী এসব দেখে মন খারাপ করতে পারে, তাই বিড়ালগুলো মানুষকে দিয়ে দেন। ইঁদুরগুলো লুকিয়ে রাখেন একজনের বাড়িতে।
কুড়িয়ে পাওয়া এই জাতের ইঁদুর পুষতে গিয়ে সালাহ উদ্দিনের বাড়িতে শেষ পর্যন্ত ইঁদুরের ছোট্ট একটা খামার দাঁড়িয়ে যায়। এ থেকে কিছু আয়ও হয়। স্ত্রী এসে সব শুনে বললেন, ‘খারাপ কী? ইঁদুরগুলো বাড়িতে নিয়ে আসা হোক।’ এরপর ইঁদুরগুলো আবার বাড়িতে এল। ইঁদুরের সুবাদে বন্য প্রাণী উদ্ধার ও সুস্থ করে প্রকৃতিতে ছেড়ে দেওয়ার কাজও চলতে থাকল তাঁর। এর মধ্যে প্রশিক্ষণ নিলেন সাপ উদ্ধারের জন্যও।
সালাহ উদ্দিন সবচেয়ে বিপত্তির মুখে পড়েন প্যাঁচা নিয়ে। প্রথম উদ্ধার করেছিলেন হুতুম প্যাঁচা। এই প্যাঁচা বাড়িতে আনার পরে তাঁর বাবা ভীষণ চটে যান। মানুষ মনে করে, প্যাঁচা অলক্ষুনে বা অপয়া। এই প্যাঁচার কারণে বাড়ির কোনো ক্ষতি হয়ে যাবে। সালাহ উদ্দিন বোঝাতে সক্ষম হন, এটা ভুল ধারণা। বরং প্যাঁচা উপকারী প্রাণী। শুধু ইঁদুর খেয়েই একটা প্যাঁচা তার জীবনে প্রায় ২৫ লাখ টাকার ফসল রক্ষা করে।
একবার এক ঘটনা ঘটল। একটি প্যাঁচাকে সুস্থ করে প্রকৃতিতে ছেড়ে দিলেও সে যায় না। তিনবার ফিরে আসে প্যাঁচাটি। সালাহ উদ্দিন বিশ্ববিদ্যালয়ে গেলে, প্যাঁচাও তাঁর সঙ্গে গিয়ে গবেষণাগারে বসে থাকে। ফেরার সময় আবার তাঁর সঙ্গে বাড়ি ফেরে। সব শুনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক সালেহ রেজা প্যাঁচাটি প্রকৃতিতে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে একটি পরামর্শ দেন। এ জন্য প্যাঁচাটিকে খাবার দেওয়া বন্ধ করে দিতে হবে। খাবার বন্ধ করে দিলে প্যাঁচাটি চলে যায়।
প্যাঁচাটির কথা মনে হলে এখনো মন খারাপ হয় সালাহ উদ্দিনের। এখন বন বিভাগের অনুমতি পেলে বাসায় প্যাঁচার প্রজনন করাতে চান। প্যাঁচা মূলত ইঁদুর খায়। তাঁর আছে ইঁদুরের খামার। তাই খাবারের সমস্যা হবে না। প্রজনন করে প্যাঁচা ছেড়ে দেবেন।
সালাহ উদ্দিন জানতে পারেন, বিদেশে কীটপতঙ্গ মারতে প্রশিক্ষিত পাখি ব্যবহার করা হয়। তিনিও যদি প্যাঁচাকে প্রশিক্ষিত করতে পারেন, তাহলে যে এলাকায় ইঁদুরের প্রাদুর্ভাব বেশি, সে এলাকায় ১০০টি প্যাঁচা নিয়ে গিয়ে রাতে ছেড়ে দেবেন। সকালে আবার নিয়ে আসবেন। ওদের খাবারও হবে, ইঁদুরও নিধন হবে।
শুরুতে যে তিনটি লক্ষ্মীপ্যাঁচার কথা বলা হলো, সেগুলো একজনের কাছে কিনে নেন সালাহ উদ্দিন। জানালেন, একটি শিশু আহত অবস্থায় প্যাঁচা তিনটি কুড়িয়ে পেয়েছিল। তার কাছ থেকে ৩০০ টাকায় সেগুলো কিনে নেন এক ব্যক্তি। প্যাঁচা তিনটি পেয়ে তিনি সালাহ উদ্দিনকে জানান। তিনি টাকা দিয়ে প্যাঁচাগুলোকে বাড়িতে নিয়ে আসেন।
লক্ষ্মীপ্যাঁচা দিনে বের হয় না। রাতে বের হয় শিকারের সন্ধানে। তিন প্যাঁচা মিলে একটি পরিবার। এর মধ্যে একটি বাচ্চা আর দুটি বাবা-মা। এক মাস পোষার পরে বাচ্চাটিও বাবা-মায়ের সমান হয়ে যায়। সালাহ উদ্দিন মাঝখানে কক্সবাজার যান। তখন তাঁর স্ত্রী রজনী সরকার প্যাঁচাগুলোর দেখাশোনা করেন।
সালাহ উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বারান্দায় একটি বুকশেলফের ফাঁকা জায়গায় লক্ষ্মীপ্যাঁচা তিনটি বসে আছে। দিনের বেলা এখানে সময় কাটায় তারা। রাতে অন্য জায়গায় রাখা হয়। বইয়ের শেলফে বসা অবস্থায় প্যাঁচাগুলোকে মুরগির মাংস খাওয়াচ্ছিলেন সালাহ উদ্দিন।
আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী