বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু, বিকেলে ঢাকায়ও সম্ভাবনা আছে

কোলাজ: প্রথম আলো

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে আজ রোববার বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, চলতি মাসের বাকি কয়েকটি দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তাতে চলমান তাপপ্রবাহ কমে আসতে পারে। আজ ঢাকা বিভাগেও বিকেলের দিকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র।

গতকাল শনিবার রাত এবং আজ সকালেও রংপুরে বৃষ্টি হয়েছে। রংপুর থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, দুই দফা বৃষ্টির পর আজ গরম অনেকটাই কমেছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের কারণে রংপুরেও অনেক গরম পড়েছিল। তাপপ্রবাহও বয়ে গেছে কিছু জায়গায়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক আজ প্রথম আলোকে বলেন, রংপুরের এই মেঘ ও বৃষ্টি রাজশাহী ও ময়মনসিংহের দিকে আসতে পারে। এর প্রভাব পড়তে পারে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানেও। রাজধানীতেও বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে আজ বিকেলের দিকে। তবে আগামীকাল সোমবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ শুরু হয়। ৩ এপ্রিল দেশের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ বয়ে যায়। এরপর অবশ্য তাপপ্রবাহ কমে যায় মূলত বৈশাখী ঝড় বেড়ে যাওয়ায়। তবে গত এক সপ্তাহের বেশি সময়ে আবার তাপপ্রবাহ শুরু হয়। একপর্যায়ে ২৪ জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে। রাজধানীতেও তাপপ্রবাহ বয়ে যায়। গতকালও রাজধানীতে তাপপ্রবাহ ছিল। জনবহুল এ নগরীর তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল থেকে দেশে বৃষ্টির যে ধারা শুরু হয়েছে, তা এ মাসের শেষ, এমনকি মে মাসের শুরু পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন, এতে তাপপ্রবাহ কমে যেতে পারে। খুলনা বিভাগের কিছু এলাকায় তাপপ্রবাহ হয়তো তারপরও থাকতে পারে। তবে দেশের অন্যত্র তাপপ্রবাহ কমে যেতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।