রাজধানীতে সকাল থেকেই বৃষ্টি, কতটা হয়েছে, কত হতে পারে আর
বৃষ্টি দিয়ে শুরু হয়েছে রাজধানীর আজ মঙ্গলবারের সকাল। সকাল সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময়ও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল বিভিন্ন স্থানে। আকাশ মেঘলা আছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, দুপুর পর্যন্ত বৃষ্টির বিরতি চলতে পারে। দুপুরের দিকে আবার বৃষ্টি হতে পারে। তবে বিকেলের দিকে বৃষ্টি কমে আসতে পারে। দেশের চার বিভাগে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে আজ।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ সকাল প্রথম আলোকে বলেন, সকাল আটটার দিক থেকেই বৃষ্টি কমে এসেছে রাজধানীতে। এখন একটা বিরতি চলতে পারে। অর্থাৎ বেশি বৃষ্টির সম্ভাবনা কম। তবে দুপুরের দিকে আবার বৃষ্টি হতে পারে। বিকেল চারটা থেকে পাঁচটার দিকে বৃষ্টি আবার কমে যেতে পারে।
আজ দেশের চার বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। সেগুলো হলো রংপুর, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল।
ওমর ফারুক বলেন, ঢাকা বিভাগের কিছু কিছু অংশেও বৃষ্টি হতে পারে। তবে বাকি অংশে বৃষ্টি কম হতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায়, ১১৩ মিলিমিটার। দেশের প্রায় সর্বত্রই গতকাল বৃষ্টি হয়েছে। দেশের অন্য এলাকাগুলোর মধ্যে নোয়াখালীতে ৯০ মিলিমিটার, নওগাঁর বদলগাছী ও নীলফামারীর ডিমলায় ৭৯ মিলিমিটার এবং ফেনীতে ৬৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
গত মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৩৫ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। মৌসুমি বায়ুর সক্রিয়তার পাশাপাশি সাগরের গভীর নিম্নচাপের ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টি হয় মাসের শুরুতে। ভারী বৃষ্টিতে দেশের অন্তত ৯ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।