সুযোগ পেলে শালবনে যাওয়া অনেকটা নেশায় পরিণত হয়েছে। এই বন আমার কাছে বিস্ময়মাখা এক আবেগের নাম। প্রতিবারই নতুন রূপে দেখি বনটিকে। আগেরবার যে উদ্ভিদগুলোকে সাদামাটা স্বাভাবিক কোনো উদ্ভিদ মনে হয়, পরেরবার সেসব গাছের কোনো কোনোটি বিচিত্র ফুল-ফলে নিজেকে সুশোভিত করে রাখে! এই বনের এমনই গুণ। কখনো খালি হাতে ফেরায় না।
বছরজুড়ে তাতে নানান পরিবর্তন ঘটতে থাকে। এমন বদলে যাওয়া রূপ দেখতে কিছুদিন আগে গিয়েছিলাম গাজীপুরের কাপাসিয়ায় পাকিয়াব গ্রামে। স্থানীয় সংসদ সদস্য প্রকৃতিপ্রেমী সিমিন হোসেন রিমি এই গ্রামের ৮০ একর বনভূমিকে (শালবন) অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছেন। বনযাত্রায় এবারও যথারীতি সঙ্গী হলেন বৃক্ষভক্ত যায়েদ আমীন।
এই শালবনের ওপর যে কত রকম অত্যাচার আর লুণ্ঠন হয়েছে, তার কোনো হিসাব নেই। প্রতিনিয়ত বন উজাড়, দখল ও দূষণের কারণে বনের পরিধি ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সর্বত্র বৃক্ষনিধনের ছাপ স্পষ্ট। আমাদের মানসিকতা এমন যে বন মানেই লুটপাটের সম্পদ। ইচ্ছা করলেই দখল করা যায়। দখল করে আবার কারখানা বানিয়ে বর্জ্য ফেলে পরিবেশ দূষণও করা যায়!
এই যাত্রায় দিন শেষে, শালবন আপন মহিমায় আমাদের অভিজ্ঞতার ঝুলিতে যোগ করল অনেক বৃক্ষজাত জ্ঞান। চরম বৈরী পরিস্থিতিতেও এই বনে এখনো টিকে আছে কিছু কুমারীলতা, দু-একটি ছাতিম, ম্যাকারাঙ্গা, বনবরই, পিচণ্ডি, গুলঞ্চলতা, শিকোরি, মনকাঁটা, কানাইডিঙ্গা, বেত, বহেড়া, বনওকরা, বাজনা, বনটগর ও কিছু বিচিত্র ফার্ন।
ঘুরতে ঘুরতে বনের এক প্রান্তে একটি জলাধার দেখতে পেলাম। কৃত্রিম এই জলাশয় যে একটি মৎস্য খামার, তা বুঝতে বেশি সময় লাগল না। কিন্তু বনের ভেতর মাছ চাষ কেন, তা মাথায় ঢুকল না। নানান পদ্ধতিতে শালবন হজম করার এটাও একটা মাধ্যম হয়তো! এখানেই দুটি সুদর্শন উদ্ভিদ দেখতে পেলাম।
যার একটি একেবারে প্রথম দেখা ও অচেনা। অচেনা গাছটিকে প্রথমে ভেবেছিলাম ফার্ন। চারপাশে আরও ভালোভাবে খুঁটিয়ে দেখি। একই প্রজাতির দ্বিতীয় কোনো গাছ খুঁজে পেলাম না কোথাও! গাছটি সাধারণত আলংকারিক উদ্ভিদ হিসেবেই বেশি পরিচিত। আমাদের উদ্ভিদবিষয়ক আকর গ্রন্থে বলা হয়েছে,Ñএ গাছ দেশের চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জেলায় প্রাকৃতিকভাবে জন্মে। ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বলা যায়,Ñউদ্ধৃত জেলাগুলোয় গাছটি মোটেও সহজলভ্য নয়।
এ গাছের কোনো বাংলা নাম নেই। ইংরেজি নামের বাংলা অর্থ দাঁড়ায় হামাগুড়ি দেওয়া গাছ, যা গাদাগাদি করে বেড়ে ওঠে। এরা (Palhinhaea cernua) ফাঁপা বা বায়বীয় নলের মতো কাণ্ডসম্পন্ন স্থলজ উদ্ভিদ। সুযোগ পেলে প্রধান কাণ্ড ৮ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।
মাটির ওপর লতানো কিছু অংশের সংযোগস্থল থেকে শিকড় হয়। এই বায়বীয় ডালপালা খাড়া, অনেক শাখাযুক্ত, মাঝেমধ্যে আরোহী। বাহন পেলে ওপরে বা চারপাশে ছড়িয়ে পড়তে পারে। কাণ্ডের ওপরে কুঁচকানো, চকচকে বা রোমশ। ১ দশমিক ৫ মিলিমিটার লম্বা পাতাগুলো সরু ও সর্পিলভাবে সজ্জিত, ত্রিভুজাকার, তীক্ষ্ণ, অঙ্কুরের দিকে বাঁকা, সবুজ থেকে হলদে-সবুজ বা হলুদ। নদীর পাড়ে ভেজা স্থান, হ্রদের কাছে, বনের উন্মুক্ত ধারে অথবা পাহাড়ের ঢালুতে ঘাস ও নলখাগড়ার বনে এরা প্রাকৃতিকভাবে জন্মে। কোথাও কোথাও আলংকারিক উদ্ভিদ হিসেবে চাষ করা হয়। রেণু ও শাখা কলমের মাধ্যমে বংশবিস্তার ঘটে।
এই বন পেরিয়ে আমরা অন্য একটি শালবনে ঢুকে পড়ি। সেখানে পাই আরেকটি প্রায় অচেনা ফুল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান পরীক্ষণ কর্মকর্তা মো. আবদুর রহিম নিশ্চিত করলেন এ গাছের বৈজ্ঞানিক নাম Murdannia edulis। প্রচলিত নাম অনুসারে যাকে ভোজ্য শিশির ফুল হিসেবে সম্বোধন করা যায়। মূলজ পাতা, কন্দের মূল এবং দীর্ঘ পুষ্পদণ্ড এ গাছের প্রধান বৈশিষ্ট্য। তা ছাড়া দীর্ঘ পুষ্পদণ্ডে পাতার আগেই ফুল ফোটানোর আয়োজন দেখে এই প্রজাতি সহজে চেনা যায়।
বহুবর্ষজীবী বীরুৎ, কাণ্ড খর্ব, শিকড় তন্তুযুক্ত, শক্ত ও মূল দীর্ঘায়ত কন্দজ। পাতা ৫ থেকে ২৫ সেন্টিমিটার দীর্ঘ ও অখণ্ড। ফুল-সরু মঞ্জরিতে সমাকীর্ণ, মঞ্জরিদণ্ড ১৪ থেকে ৪০ সেন্টিমিটার লম্বা, বৃন্ত ৫ থেকে ৭ মিলিমিটার। পাপড়ি ৩ থেকে ৪ মিলিমিটার, বিডিম্বাকার ও নীল।
পুংকেশর ৩টি, প্রায় ৬ মিলিমিটার লম্বা ও নীলাভ। ফল ক্যাপসুল আকৃতির, ৫ থেকে ৭ মিলিমিটার লম্বা। বীজ প্রতি কোষে ৩ থেকে ৪টি, ফিকে হলুদ ও গ্রন্থিযুক্ত। ফুল ও ফলের মৌসুম মার্চ থেকে সেপ্টেম্বর মাস। এ গাছ সাধারণত অরণ্যের সমতল স্থান ও বেলে মাটিতে জন্মে। তবে চিহ্নিত স্থানগুলোয় এ গাছের সংখ্যা একেবারেই সীমিত। গাছটি বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার্য।
মোকারম হোসেন, প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক