ছোট্ট নালা আকারের একটি ছড়া। দুই পাশে ছন ও ঘাসবন। মাত্র ১০ একর জায়গা। এই ছোট্ট জায়গা ছিল বিরল আবাসিক ও পরিযায়ী পাখির এক চমৎকার বিচরণক্ষেত্র। ঢাকা থেকে ২০৬ ও শ্রীমঙ্গল শহর থেকে ৩০ কিলোমিটার দূরে কমলগঞ্জ উপজেলায় ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের নয়টি টি এস্টেটের একটি হলো কুরমা টি এস্টেট। এই টি এস্টেটের ছনবাড়ি এলাকায় জায়গাটির অবস্থান।
প্রায় এক যুগ আগে এই ক্ষুদ্র পক্ষিনিবাসের কথা শুনি বিশিষ্ট বন্য প্রাণী ও পক্ষী আলোকচিত্রী প্রয়াত মুনির আহমেদ খান ও তাঁর স্ত্রী প্রয়াত তানিয়া খানের কাছে। দুই বছর আগে, ১ ফেব্রুয়ারি বিকেলে শ্রীমঙ্গলে আমার পাখি দেখার সঙ্গী খুকন থৌনাজামের আমন্ত্রণে সেখানে যাই।
গাড়ি থেকে নেমেই অধরা এক পাখির খোঁজে বিশাল চা-বাগানের ভেতরে ছন ও ঘাসবনঘেরা একচিলতে পক্ষিনিবাসের সামনে চলে যাই। মাত্র ৫০ মিনিটের অভিযানে অধরা পাখি নাগরবাটই বা বুড়া বটের ছবি তুলতে সক্ষম হই। ফেরার পথে আরেকটি দুর্লভ আবাসিক পাখি হলদেচোখ ছাতারের দেখা পাই। সেদিন মাত্র দেড় ঘণ্টায় ৯ প্রজাতির পাখির ছবি তুলেছিলাম। শ্রীমঙ্গল ফেরার পথে খুকনকে বলেছিলাম, এই ক্ষুদ্র পক্ষিনিবাসে আগামী মৌসুমে বেশ কিছু বিরল ও দুর্লভ পাখি আশা করছি।
গত দুই বছরে কুরমা চা-বাগানের এই পক্ষিনিবাসে ১১ বার গিয়েছি। দেখা পেয়েছি প্রায় ৮০ প্রজাতির আবাসিক ও পরিযায়ী পাখির, যার মধ্যে প্রায় ৬০ প্রজাতির পাখির ছবি তুলেছি। সেখানে দেখা বিরল ও দুর্লভ আবাসিক পাখির মধ্যে ছিল সোনালিমাথা ধানটুনি, নাগরবাটই, হলদেচোখ ছাতারে, লালঘাড় পেঙ্গা, লাল মুনিয়া, সাদাকোমর মুনিয়া, ছোট কানাকুক্কা ও মদনটাক। পরিযায়ী পাখির মধ্যে বঘেরি, খয়েরি–কান বঘেরি, হলদেবুক বঘেরি, খুদে বঘেরি, বনফুলের সোনাপাখি, পাতি তুতি, সাইবেরীয় লালগলা, চীনা লালগলা ও তুরমতি বাজ উল্লেখযোগ্য।
ছনবাড়ির এই ক্ষুদ্র পক্ষিনিবাস ছাড়াও ওখানে আরও দুটি ছন ও ঘাসবন রয়েছে। তবে এত প্রজাতির পাখি চোখে পড়ে না সে দুটি স্থানে। সর্বশেষ নভেম্বরের শেষ সপ্তাহে সেখানে যাই। সারা দিনের প্রচেষ্টায় শেষ বিকেলে অতি বিরল চীনা লালগলা পাখিটির ছবি তুলতে পেরেছিলাম। এরপর এ সপ্তাহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু বিধি বাম! সঙ্গী খুকন মারফত জানতে পারলাম, কুরমা টি এস্টেট কর্তৃপক্ষ চা-বাগান সম্প্রসারণের জন্য ওই পক্ষিনিবাসের ছন ও ঘাসবন কেটে ফেলেছে। পক্ষিনিবাসটির বর্তমান অবস্থার ছবি দেখে মন কেঁদে উঠল। জানতে ইচ্ছা করল পক্ষিনিবাসে বসবাসরত সুদূর সাইবেরিয়া, মধ্য এশিয়া ও চীন থেকে আসা ডজনখানেক পরিযায়ী পাখির ভাগ্যে কী জুটেছে, ওরা কি বেঁচে আছে? এটা ভেবেই খারাপ লাগছে যে এক যুগ বা তারও আগে থেকে বংশপরম্পরায় এই শীতকালীন পক্ষিনিবাসে যেসব পাখি এসে বসত, আগামী বছরগুলোতে তারা আর আসবে না।
জানামতে, বাংলাদেশের অতি বিরল ও মহাবিপন্ন সোনালিমাথা ধানটুনি পাখিটির একমাত্র প্রজননক্ষেত্র ছিল এটি। তা ছাড়া হলদেচোখ ছাতারে, লালঘাড় পেঙ্গা ও লাল মুনিয়াসহ বহু প্রজাতির পাখিরও প্রজননস্থল এটি। নিজ গৃহ থেকে বিতাড়িত ও আশ্রয়হীন পাখিগুলোকে এখন আলাদা জায়গা খুঁজতে হবে। সোনালিমাথা ধানটুনির একমাত্র আবাসস্থলটি হারিয়ে যাওয়ায় তারা বেশ ঝুঁকির মধ্যে পড়ল।
সূত্রমতে, শ্রীমঙ্গলের বন্য প্রাণী উদ্ধারকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ’, মৌলভীবাজার বন বিভাগের কর্মকর্তা ও কিছু পাখিবিশেষজ্ঞ চা-বাগান কর্তৃপক্ষের সঙ্গে এই স্থান সংরক্ষণের জন্য ইতিপূর্বে বৈঠক করেছিলেন। চা-বাগান কর্তৃপক্ষ এটি সংরক্ষণের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এখানে বসবাসকারী বেশির ভাগ পাখিই ছিল কীটপতঙ্গ ও বীজভুক, যারা চা-বাগানের ক্ষতি তো করতই না; বরং কীটপতঙ্গ ও আগাছার বীজ খেয়ে উপকারই করত।
কথা বলেছিলাম ন্যাশনাল টি কোম্পানির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শামসুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ছনবাড়ির দিকে বাগান সম্প্রসারণের পরিকল্পনা থেকে তাঁরা সরে এসেছেন। যে ক্ষতি হয়েছে, তা পূরণে তাঁরা সচেষ্ট হবেন। পক্ষিনিবাসটি তারা সংরক্ষণে সক্রিয় উদ্যোগ নেবেন।
পাখি শুধুই প্রকৃতির অলংকার নয়, এক অবিচ্ছেদ্য অংশও বটে। পাখি না থাকলে প্রকৃতিও ধ্বংস হবে। আর প্রকৃতি ধ্বংস হলে মানুষও ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ আশা করছি।
আ ন ম আমিনুর রহমান, পাখি ও বন্য প্রাণী চিকিৎসাবিশেষজ্ঞ