নব্বইয়ের দশকের গোড়ার দিকে ঢাকার শাহবাগের ফুলের দোকানগুলোতে ফুলের ঝুড়ি বা তোড়া বানানোর কাজে একধরনের সুদৃশ্য পাতা ব্যবহার করা হতো। পরে জেনেছি, এগুলো নাগচম্পা বা মণিরাজগোত্রীয় গাছের পাতা। কোথা থেকে কীভাবে সংগ্রহ করা হতো, সে রহস্য এখনো অজানাই থেকে গেল।
প্রকৃতিতে এই পাতার মজুত শেষ হওয়ার পর কিছুদিন অ্যারিকা পামের পাতা দিয়ে কাজ চালানো হলো। ধীরে ধীরে এ পদ্ধতিও বিলুপ্ত হলো। এখন অবশ্য ফুলের তোড়ায় ঝলমলে বর্ণিল কাগজই ব্যবহৃত হয়। কিন্তু প্রথম দফায় নিঃশেষ হওয়া সেই পাতার গাছটির সঠিক পরিচয় অনেকেরই অজানা। এমনকি গাছটি যে এখন বিপন্ন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট আলোচনাও হয়নি।
সাইকাস–জাতীয় অন্য গাছগুলোর সঙ্গে এ গাছের প্রধান পার্থক্য হলো এগুলোর পাতা ধারালো বা কণ্টকিত নয়। ঢাকার মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যান, রমনা পার্ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে কয়েকটি গাছ দেখেছি। আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থা আইইউসিএন অনেক আগেই গাছটিকে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে। মূলত গাছটির আবাসস্থল ধ্বংস হওয়াই বিপন্নতার প্রধান কারণ। ১৮২৬ সালে স্কটিশ চিকিৎসক ও উদ্ভিদবিদ বুচানান-হ্যামিল্টন ভারতের আসামের কামরূপ থেকে প্রথম গাছটি রেকর্ডভুক্ত করেন। তাঁর মাধ্যমেই বিশ্বের মানুষ প্রথম গাছটি সম্পর্কে জানতে পারে। আসাম থেকে নথিভুক্ত হওয়ায় বর্ণিত উদ্ভিদটি আসাম সাইকাস নামেও পরিচিত।
২০০১ সালে বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম প্রকাশিত রেড ডেটা বুক অব ভাসকুলার প্ল্যান্টস অব বাংলাদেশ গ্রন্থেও গাছটিকে (Cycas pectinata) বিপন্ন হিসেবে উল্লেখ করা হয়েছে। আমাদের দেশে গাছটির প্রাকৃতিক আবাস চট্টগ্রামের বারৈয়াঢালা পাহাড় এবং উত্তর ময়মনসিংহের শালবন।
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বনবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের এক গবেষণায় চট্টগ্রামের বারৈয়াঢালা ন্যাশনাল পার্কে ২০৫ প্রজাতির উদ্ভিদের সন্ধান মিলেছে বলে জানানো হয়েছে। এর মধ্যে ৭৭টি দুর্লভ ও ৩২টি বিপন্ন প্রজাতির। গবেষণা প্রতিবেদনের তথ্যমতে, সেখানকার বেশ কয়েক প্রজাতির উদ্ভিদের মধ্যে উল্লিখিত নাগচম্পা বা মণিরাজগাছটিও অন্যতম। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার ২ হাজার ৯৩৩ হেক্টর সংরক্ষিত বনভূমি নিয়ে ২০১০ সালের ৬ এপ্রিল বারৈয়াঢালা ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয়।
নাগচম্পা চিরসবুজ পাম আকৃতির গাছ। ক্রান্তীয় আফ্রিকা ও দক্ষিণ ভারতের উদ্ভিদ প্রজাতি। পামগাছ ৩ থেকে ৪ মিটার উঁচু, প্রায়ই দুই থেকে তিনটি একত্রে থাকে, মাথায় গুচ্ছবদ্ধ পাতা, পক্ষল। দ্বিবাসী, অর্থাৎ পুরুষ ও স্ত্রী গাছ পৃথক। পুরুষ গাছে পাতার মাঝখান থেকে মোচার মতো মঞ্জরি হয়, সাধারণত ৪৫ থেকে ৪৬ সেন্টিমিটার, খাড়া, অজস্র চোখা শল্কপত্রে ঢাকা। স্ত্রী মঞ্জরি ছড়ানো। রেণু অপ্রিয়গন্ধী। বীজ ও গোড়ায় গজানো চারায় বংশবৃদ্ধি হয়।
ভারতের মণিপুর ও সিকিমে এ গাছের কচি পাতা সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়। আসাম ও মেঘালয়ে স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মধ্যে এর বীজ সেদ্ধ করে খাওয়ার রেওয়াজ রয়েছে। অপরিপক্ব উদ্ভিদ মেঘালয় ও আসামের তরুণেরা যৌনশক্তি বাড়াতে ব্যবহার করেন। সুদর্শন এই উদ্ভিদ নগর উদ্যানকে ঐশ্বর্যমণ্ডিত করলেও আদতে গাছটি বিপন্ন। প্রাকৃতিক আবাসে গাছটি সংরক্ষণে আরও মনোযোগী হওয়া প্রয়োজন।
মোকারম হোসেন, প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক