রাজধানীসহ বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়ল
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার গরম বেড়েছে। টানা চার দিন তাপপ্রবাহ চলার পর গতকাল বৃহস্পতিবার তা কমে যায়। তবে আজ আবার গরম বেড়েছে।
আজ বিকেল সাড়ে চারটায় এই প্রতিবেদন লেখার সময় পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত চার জেলায় আজ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি ছিল। তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলে, তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তবে আবহাওয়া অধিদপ্তর আজ তাপপ্রবাহ ঘোষণা করছে না।
চার জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার পরও কেন তাপপ্রবাহ ঘোষণা করা হচ্ছে না, এর জবাবে অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা প্রথম আলোকে বলেন, অন্তত ৪৮ ঘণ্টা টানা তাপপ্রবাহ না বয়ে গেলে তা ঘোষণা করা হয় না। গতকাল তাপপ্রবাহ ছিল না। আবার আগামীকাল শনিবার তাপপ্রবাহ না–ও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আগামীকাল তাপমাত্রা কিছুটা কমে পরদিন থেকে তা আবার বাড়তে পারে। তাই আজ তাপপ্রবাহ ঘোষণা করা হচ্ছে না।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদী ও রাজশাহীতে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ আরও দুটি জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি বা এর চেয়ে বেশি। এর মধ্যে রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ও কুষ্টিয়ায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ রাজধানীতে গরম বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে গরমের অনুভূতিও। আজ রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।