অঝোর বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ভোগে স্কুলশিক্ষার্থীরা
দুর্ভোগে স্কুলশিক্ষার্থীরা

টানা বর্ষণে জলাবদ্ধতার কবলে পড়েছে রাজধানীবাসী। গতকাল শুক্রবার রাত থেকে চলছে অঝোর বর্ষণ। কখনো ঝিরিঝিরি, কখনো টিপটিপ, কখনোবা ঝেঁপে—এভাবে ঝরছে বৃষ্টি। আষাঢ়, শ্রাবণ মাস চলে গেলেও আশ্বিনে ৫ তারিখেও গোমড়ামুখো আকাশের অবিরাম ধারায় তলিয়ে গেছে রাজধানীর অনেক রাস্তা। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। অনেক জায়গায় যাত্রীছাউনি না থাকায় বৃষ্টিতে ভিজতে হয়েছে বহু মানুষকে। কাকভেজা হয়েই অফিসে পৌঁছেছেন কেউ কেউ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাত থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার এবং সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত রাজধানী ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত ধারণ করা হয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হবে। টানা বৃষ্টিপাতের সম্ভাবনা কম। দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে ১৩৪ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতের পশ্চিমবঙ্গ, মধ্য ও তৎসংলগ্ন অন্ধ্র-ওড়িশা উপকূলে অবস্থিত লঘুচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওড়িশা উপকূলে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তার তম্যের আধিক্য বিরাজ করছে। এতে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
গতকাল রাত থেকে কখনো মুষলধারে আবার কখনো বা থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতেই ডুবে গেছে নগরের অধিকাংশ নিচু এলাকা। টানা বর্ষণে ঢাকার বেশ কিছু এলাকা হাঁটুপানিতে তলিয়ে যায়। বৃষ্টিতে রাজধানীর চানখাঁরপুল, নিউমার্কেট, ধানমন্ডি, গ্রিন রোড, পান্থপথ, বসুন্ধরা মার্কেটের পেছনের রাস্তা, মোহাম্মদপুর, খিলগাঁও, আরামবাগ, মালিবাগ, মৌচাক, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, কল্যাণপুর, পল্লবী, ভাসানটেক, বাড্ডা, ভাটারা, রামপুরা, পূর্ব রামপুরা, ফার্মগেট, তেজগাঁও, যাত্রাবাড়ী, কদমতলী, পুরান ঢাকাসহ রাজধানীর অনেক এলাকার বিভিন্ন সড়ক ও গলিতে পানি জমেছে।
আজ শনিবার রাজধানীর গাবতলী, কল্যাণপুর, ফার্মগেট এলাকা ঘুরে দেখা গেছে, অফিসগামী অনেক মানুষ ছাতা মাথায় বাসের জন্য অপেক্ষা করছেন। তবে অপেক্ষমাণ যাত্রীরা গাড়িতে ওঠার সুযোগ না পেলেও রাস্তায় গাড়ির অভাব নেই। কারওয়ান বাজার-ফার্মগেট এই এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট।
সকাল সাতটার দিকে নিউমার্কেট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার উদ্দেশে যাত্রা করেন মনিরুল ইসলাম। কিন্তু বৃষ্টিপাত ও যানজটের কারণে সকাল সাড়ে নয়টায় গন্তব্য স্থলে পৌঁছান। প্রথম আলোকে তিনি বলেন, বৃষ্টির কারণে রাস্তায় ভয়াবহ যানজটের কবলে পড়েন। টানা বর্ষণের কারণে প্রায় সব ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবক দুর্ভোগে পড়েছেন।
রাজধানীর বিভিন্ন সড়কে পানির কারণে যান চলাচল ব্যাহত হতে দেখা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ। গাড়ি না পেয়ে বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেক যাত্রীকে। রাজধানীর অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অন্যদিনের তুলনায় কিছুটা কম। ফুটপাতের অনেক দোকান খোলা হয়নি। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়েও অনেকে পড়েছেন বিপাকে। কাদাজলের মধ্যেই চলছে কষ্টের কেনাকাটা।